আজকের দিনেবাংলার আয়না

মাধ্যমিকের মাঝেই অঘটন, রক্ষা পেল ২০০ পরীক্ষার্থী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড়সড় অঘটনের সাক্ষী থাকল কোচবিহারের তুফানগঞ্জের এক নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুল। সোমবার বেলা নাগাদ স্কুল চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। অল্পের জন্য রক্ষা পায় অন্তত ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী।

জানা গিয়েছে, ওই সময় স্কুলে মিডডে মিলের রান্না চলছিল। আচমকাই গ্যাসের পাইপে লিক দেখা দেয় এবং সেখান থেকেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গ্যাস সিলিন্ডারে। পরিস্থিতি বুঝে দ্রুত সিলিন্ডারটি স্কুলের রান্নাঘর থেকে বের করে মাঠে ফেলে দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা স্কুল চত্বর ও আশপাশের এলাকা। পরীক্ষা দিচ্ছিল বা পরীক্ষার প্রস্তুতিতে থাকা মাধ্যমিক পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও স্কুলে ছুটে আসেন। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন শিক্ষকরা। তাঁরা পড়ুয়াদের আশ্বস্ত করেন এবং ভয়ের কিছু নেই বলে অভয় দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পরীক্ষা শুরু হয়। এই ঘটনার খবর পৌঁছেছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পর্ষদের আধিকারিকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি, সোমবার থেকে এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য রাজ্য সরকার আগাম নানা ব্যবস্থা নিয়েছে। কর্মব্যস্ত দিনে যানজট এড়াতে পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় হাতির আনাগোনা রয়েছে, সেখানে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ারও বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *