কড়া নিরাপত্তা ও বাড়তি ব্যবস্থায় শুরু মাধ্যমিক ২০২৬
কিউ ইন্ডিয়া বাংলা :- জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, মাধ্যমিক। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ বছর রাজ্যজুড়ে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা ঠিক রাখতে মধ্যশিক্ষা পর্ষদ (ডব্লুবিবিএসসি) ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
জেলায় মোট পরীক্ষার্থী ৫৫,৬৪৭ জন। এর মধ্যে ছাত্র ২৫,৩৪৮ জন এবং ছাত্রী ৩০,২৯৯ জন। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে স্কুলে ঢোকার গেটেই টাঙানো হয়েছে রুম নম্বর ও সিট নম্বর। পাশাপাশি, অসুস্থ পরীক্ষার্থীদের জন্য আলাদা করে রাখা হয়েছে সিক রুম। জেলা যুগ্ম মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক শুভেন্দু গড়াই জানান, যাতে কোনও পরীক্ষার্থী বিভ্রান্ত না হয় বা সমস্যায় না পড়ে, সে দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে।
সেই পরীক্ষা শুরুর আগেই রবিবার থেকে জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক তৎপরতা। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এ বছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিশেষ করে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় প্রায় পাঁচ হাজার বেশি।
২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি মোট ১১ দিন ধরে চলবে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যজুড়ে রয়েছে ২৬৮২টি পরীক্ষাকেন্দ্র। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে সকাল থেকেই মোতায়েন রয়েছে পুলিশ, মেডিক্যাল টিম ও অ্যাম্বুল্যান্স।
পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কলকাতা ও সংলগ্ন এলাকায় বিশেষ যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ১৫টি রুটে চালু করা হয়েছে অতিরিক্ত বাস। স্কুল ও কলেজে সাধারণ ছুটির দিন না হলেও পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ দপ্তর জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী আরও বাস নামানো হতে পারে।
এছাড়াও পরীক্ষার্থীদের সহায়তার জন্য চালু করা হয়েছে দু’টি গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর। পুলিশের হেল্পলাইন ৯৪৩২৬১০০৩৯ এবং মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম নম্বর ০৩৩-২৩২১-৩৮১৩। কেউ অ্যাডমিট কার্ড বা জরুরি নথি বাড়িতে ফেলে এলে পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করবে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য প্রস্তুত থাকবে বিশেষ মেডিক্যাল টিম।
তবে এত প্রস্তুতির মধ্যেও পরীক্ষার শুরুতে গার্ড ডিউটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই গিয়েছে। রাজ্যজুড়ে কয়েক হাজার শিক্ষক বর্তমানে ব্লক লেভেল অফিসার হিসেবে নির্বাচনী কাজের দায়িত্বে রয়েছেন। পর্ষদের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল, পরীক্ষার সময় শিক্ষকদের পূর্ণ সময়ের জন্য অব্যাহতি দেওয়ার। কিন্তু এখনও সেই চিঠির কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ঠিক কতজন শিক্ষক পরীক্ষাকেন্দ্রে গার্ড ডিউটি দিতে পারবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
মাধ্যমিক রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই কোনও রকম অসুবিধা এড়াতে শুরু থেকেই প্রশাসনের তরফে আঁটসাঁট প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশে অভিভাবক ও প্রশাসনের বার্তা আগেভাগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন, প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখুন এবং অযথা ভিড় বা দেরি এড়িয়ে চলুন।
মাধ্যমিক ২০২৬: বিষয়ভিত্তিক পরীক্ষার তালিকা
২ ফেব্রুয়ারি: বাংলা(প্রথম ভাষা),
৩ ফেব্রুয়ারি: ইংরেজি(দ্বিতীয় ভাষা),
৬ ফেব্রুয়ারি: ইতিহাস,
৭ ফেব্রুয়ারি: ভূগোল,
৯ ফেব্রুয়ারি: গণিত,
১০ ফেব্রুয়ারি: ভৌত বিজ্ঞান,
১১ ফেব্রুয়ারি: জীবন বিজ্ঞান,
১২ ফেব্রুয়ারি : ঐচ্ছিক বিষয়।
