আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

CP-KP-WBP : রাজ্য পুলিশের বড় রদবদল, দায়িত্ব নিয়ে কড়া বার্তা নতুন সিপির…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নির্বাচনের মুখে ফের বড়সড় প্রশাসনিক রদবদলে রাজ্য পুলিশ। শুক্রবার ঘোষণার পর শনিবার কলকাতা-সহ রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত মোট ২৭ জন আইপিএস ও সিনিয়র পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ জারি করল নবান্ন। শীর্ষস্তর থেকে জেলাস্তর প্রায় সর্বত্রই বদলের ছোঁয়া পড়েছে। একই দিনে রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার হিসেবে কাজ শুরু করলেন আইপিএস সুপ্রতিম সরকার।

রদবদলের তালিকায় সবচেয়ে আলোচিত নাম মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সানি রাজ। বেলডাঙায় অশান্ত পরিস্থিতির পর তাঁকে সরিয়ে দেওয়া হল। নতুন এসপি হিসেবে দায়িত্ব পেলেন ধৃতিমান সরকার। এর আগে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় কঠোর পুলিশি ব্যবস্থাপনার জন্য পরিচিত ছিলেন তিনি। এতদিন তিনি এসএস (আইবি) পদে কর্মরত ছিলেন। সানি রাজকে পাঠানো হয়েছে সেই পদেই। যদিও নবান্ন সূত্রে একে রুটিন বদলি বলেই ব্যাখ্যা করা হয়েছে, তবু বেলডাঙার ঘটনার প্রেক্ষিতে এই বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। উল্লেখ্য, শনিবারই বেলডাঙার অশান্তির ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ।

রদবদলের প্রভাব পড়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটেও। যুবভারতীতে মেসিকাণ্ডের ঘটনার পর যাঁকে সাসপেন্ড করা হয়েছিল, সেই তৎকালীন ডিসি অনীশ সরকারের জায়গায় দায়িত্ব নিলেন পুষ্পা। তিনি এতদিন হাওড়া রেল পুলিশের এসপি পদে ছিলেন।

এছাড়াও, শুক্রবার অমিত পি জাভালগিকে বর্ধমান রেঞ্জের আইজি করা হলেও শনিবারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁকে বারাসত রেঞ্জের আইজি করা হচ্ছে। বারাসতের আইজি অলোক রাজোরিয়াকে পাঠানো হয়েছে বর্ধমানে।

কলকাতা পুলিশেও একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি হয়েছে। ডিসি (দক্ষিণ) পদে দায়িত্ব পেয়েছেন দীপক সরকার। ওই পদে থাকা প্রিয়ব্রত রায়কে পাঠানো হয়েছে বারাসতের এসপি হিসেবে। ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্তকে বনগাঁর এসপি করা হয়েছে এবং তাঁর জায়গায় আনা হয়েছে চারু শর্মাকে। ডিসি (পূর্ব) হয়েছেন জসপ্রীত সিংহ। বনগাঁর এসপি দীনেশ কুমারকে করা হয়েছে ডিসি (উত্তর)। ডিসি (পূর্ব শহরতলি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত বর্মাকে।

জেলাস্তরেও বদলি হয়েছে একাধিক পদে। সুন্দরবন পুলিশ জেলার নতুন সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বচাঁদ ঠাকুর। বারাসতের এসপি প্রতীক্ষা ঝারখরিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিঙের এসপি করে। বিধাননগর কমিশনারেটে ডিসি (নিউটাউন) হয়েছেন জ্যোতির্ময় রায়।

এই রদবদলের মধ্যেই শনিবার রাজ্য পুলিশের শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন আইপিএস পীযূষ পাণ্ডে। রাজীব কুমারের অবসরের পর তিনি রাজ্য পুলিশের ডিজি হিসেবে কাজ শুরু করেন। একই দিনে কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেন ১৯৯৭ ব্যাচের আইপিএস আধিকারিক সুপ্রতিম সরকার। এর আগে তিনি বিধাননগর পুলিশ কমিশনার এবং পরে এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব সামলিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরপরই কলকাতা পুলিশের সমস্ত থানার ওসিদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন সুপ্রতিম সরকার। সেখানে তিনি কড়া ভাষায় জানিয়ে দেন, অভিযোগ গ্রহণের ক্ষেত্রে কোনও রকম গাফিলতি চলবে না। “এটা আমার এক্তিয়ার নয়” এই অজুহাতে কোনও অভিযোগ ফেরানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেন তিনি। জিরো এফআইআরের বিষয়টি মনে করিয়ে দিয়ে নতুন কমিশনার বলেন, বিপদে পড়া মানুষ যেন যে থানায়ই যাক, তার অভিযোগ গ্রহণ করতেই হবে। একই সঙ্গে পুলিশের কাজে গতি আনা, নির্দিষ্ট লক্ষ্য ও ভিশন নিয়ে কাজ করা এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও স্মার্ট ও আধুনিক করার পরামর্শ দেন তিনি।

এই বদলির তালিকায় ফের আলোচনায় উঠে এসেছে প্রিয়ব্রত রায়ের নাম। সম্প্রতি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের সময় সেখানে পুলিশের উপস্থিতি ও ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইডির পাল্টা অভিযোগের তালিকায় প্রিয়ব্রতের নামও ছিল। ঘটনার কয়েক দিনের মধ্যেই তাঁকে কলকাতার ডিসি (দক্ষিণ) পদ থেকে সরিয়ে বারাসতের এসপি করা হল।

সব মিলিয়ে, রাজ্য পুলিশের এই ব্যাপক রদবদল এবং নতুন কমিশনারের কড়া নির্দেশ আসন্ন নির্বাচনের আগে প্রশাসনের সক্রিয় প্রস্তুতিরই স্পষ্ট বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *