Mamata : বসন্ত পঞ্চমীতে গানের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর ….
কিউ ইন্ডিয়া বাংলা :- বসন্ত পঞ্চমী বাঙালির কাছে চিরকালই আবেগের। সেই আবেগে সুর মিশিয়ে সরস্বতী পুজোর সকালে সোশাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের লেখা ও সুর করা একটি গান শেয়ার করে তিনি লেখেন, ‘সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।’
এদিন গোটা বাংলাজুড়েই উৎসবের আমেজ। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, অন্যদিকে একই দিনে সরস্বতী পুজো। ফলে বাড়ি থেকে স্কুল—সর্বত্রই চলছে পুজোর আয়োজন। বসন্ত পঞ্চমীর এই বিশেষ দিনে বরাবরের মতোই নিজের সৃষ্টির মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
সোশাল মিডিয়ায় পোস্ট করা গানের কয়েকটি পংক্তিতে তিনি লেখেন—
‘আজ বসন্ত পঞ্চমীতে
যৌবন এসো নতুন স্রোতে
ভেঙে ফেলো বাধা বিঘ্ন
হতাশাকে করো ছিন্ন।’
পোস্টে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, গানটির কথা ও সুর তাঁর নিজের। তবে গানটি কণ্ঠ দিয়েছেন বিধায়ক অদিতি মুন্সী। শেয়ার করা ভিডিওতে ফুটে উঠেছে সরস্বতী পুজোর প্রস্তুতি, প্রকৃতির মনোরম দৃশ্য ও বসন্তের আবহ।
উল্লেখ্য, বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে কবিতা, গান কিংবা লেখার মাধ্যমে রাজ্যবাসীর সঙ্গে আবেগের বন্ধন গড়ে তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসন্ত পঞ্চমীতেও তার ব্যতিক্রম হল না।
