Sir-Kalatan : এসআইআর শুনানিতে ডাক সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে !
কিউ ইন্ডিয়া বাংলা :- এসআইআর শুনানিতে একের পর এক পরিচিত রাজনৈতিক নেতাদের ডাকা হচ্ছে। অভিনেতা দেব ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর পর এবার ডাকা হয়েছে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তকে। তবে এখনও পর্যন্ত তিনি কোনও লিখিত নোটিস পাননি। শুধু ফোন করেই তাঁকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
বিএলও-র তরফে জানানো হয়েছে, বাবা ও ছেলের বয়সের পার্থক্য ৩৯ বছর হওয়াতেই নথি যাচাইয়ের প্রয়োজন পড়েছে। এই কারণেই কলতান দাশগুপ্তকে শুনানিতে ডাকা হয়েছে।
এ বিষয়ে কলতান বলেন, “২০০২ সালে ভোটার তালিকায় আমার বাবার নাম ছিল। ২০০৭ সালে বাবা মারা যান। শুনানিতে আধার কার্ড দেখাতে বলা হয়। কিন্তু সেটা দেওয়া সম্ভব হয়নি। পরে আমাকে বলা হয়, বাবা-ছেলের বয়সের ফারাক ৩৯ বছর হওয়ায় কাগজপত্র দেখতে হবে।”
অন্যদিকে সংশ্লিষ্ট বিএলও অংশুপ্রিয়া বারুই জানান, “আমরা যা নির্দেশ পেয়েছি, সেটাই মেনে কাজ করেছি। বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন থাকায় ওনাকে ডাকা হয়েছে। এখনও লিখিত নোটিস পাইনি। পেলেই দেওয়া হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, কলতান দাশগুপ্তকে নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। গত বছর তিলোত্তমা আন্দোলনের সময় ১৪ অগস্ট রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তাঁর নাম জড়ায় তিনটি মামলায়। দুটি মামলা হয় টালা থানায়।
সেই সময় তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে একটি ফোনালাপ ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, ওই কথোপকথনের মাধ্যমে চিকিৎসকদের সাংবাদিক বৈঠকে হামলার পরিকল্পনা করা হয়েছিল।
এই ঘটনার তদন্তে পুলিশ প্রথমে সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করে। পরে সেই সূত্র ধরেই গ্রেফতার হন কলতান দাশগুপ্ত। সিপিএম অবশ্য দাবি করে, পুরো ঘটনাই সাজানো। পরে হাইকোর্ট থেকে জামিন পান কলতান দাশগুপ্ত।
