আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমাবাংলার আয়না

JOGEN CHOWDHURY: প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী, ৮৭ বছর বয়সে জীবনাবসান কিংবদন্তি চিত্রশিল্পীর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আধুনিক ভারতীয় চিত্রকলার অন্যতম স্তম্ভ যোগেন চৌধুরী (JOGEN CHOWDHURY) আর নেই। রবিবার সকালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৭ বছর। গত ১৪ মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি (JOGEN CHOWDHURY) ।

১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরে জমিদার পরিবারে জন্ম যোগেন চৌধুরীর (JOGEN CHOWDHURY) । দেশভাগ তাঁকে উদ্বাস্তু করেছিল। সেই উদ্বাস্তু জীবনের ক্ষত, মানুষের ভাঙাচোরা মুখই হয়ে উঠেছিল তাঁর তুলির ভাষা।

১৯৬০ সালে কলকাতা সরকারি আর্ট কলেজ থেকে পাশ করে পাড়ি দেন প্যারিসে। Ecole des Beaux Arts এবং William Hayter-এর Atelier 17-এ প্রশিক্ষণ নেন। তাঁর ছবিতে আড়াআড়ি রেখার জাল, ফোলা, বিকৃত অথচ মানবিক মুখ এক স্বতন্ত্র ব্যাকরণ তৈরি করে। গণেশ, দম্পতি এবং নারী ছিল তাঁর প্রিয় বিষয়।

১৯৭২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের কিউরেটর ছিলেন। পরে শান্তিনিকেতন কলাভবনের অধ্যাপক ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পেয়েছেন পদ্মভূষণ, ললিতকলা একাডেমি পুরস্কার সহ একাধিক আন্তর্জাতিক সম্মান। তাঁর প্রয়াণে শিল্পীমহলে গভীর শোকের ছায়া।

কলকাতায় নিজের হাতে গড়া ‘চারুবাসনা দ্য যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস’ রয়ে গেল তাঁর শেষ স্বপ্ন হিসেবে। রবীন্দ্রনাথ, যামিনী রায়ের পর বাংলা চিত্রকলায় যাঁরা নিজস্ব ব্যাকরণ তৈরি করেছিলেন, যোগেন ছিলেন তাঁদের শেষ স্তম্ভ। তাঁর জীবনরেখা থামলেও, তাঁর সৃষ্টি রয়ে গেল অমর হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *