CM SUVENDU ADHIKARI: ‘বিরোধীরা টক শো-তে থাকবে, আমরা রাস্তায়’, হাওড়া পুরভোট নিয়ে হুঙ্কার শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া:– শনিবার হাওড়ার সালকিয়ায় চোরবাগান কাণ্ডে মৃত বিকাশ ভট্টাচার্যের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM SUVENDU ADHIKARI) । গাড়ি থেকে নেমে বাইকে চেপে সেখানে পৌঁছন তিনি। সেখানেই সাংবাদিকদের সামনে কলকাতা ও হাওড়া পুরভোট নিয়ে বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, মানুষ বিজেপির সঙ্গেই আছে (CM SUVENDU ADHIKARI) ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (CM SUVENDU ADHIKARI) বলেন, “সাধারণ মানুষের রাজ্যের শাসকদল বিজেপি ও এই সরকারের উপর সম্পূর্ণ ভরসা আছে। আগামী কলকাতা ও হাওড়া পুরসভা ভোটে মানুষ বিজেপির সঙ্গেই থাকবে। আর বিরোধীরা সন্ধ্যাবেলার টক শো ও সোশ্যাল মিডিয়াতে থাকবে।”
তিনি আরও বলেন, “একদিনে এক বছরে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট আর ১৫ বছরের জামাতি তৃণমূলের রাজত্বকে তো আর আমি চেঞ্জ করতে পারবো না, সময় লাগবে।”
এদিন মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রত্যেকটা জায়গায় রাস্তায় হাজার হাজার মানুষ। বিরিয়ানির প্যাকেট দিয়ে কাউকে আনা হয়নি। এমনি মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, মানুষের এই সরকারের উপর ভরসা আছে।”
এদিন তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, পুর কমিশনার তেজস্বী রানা সহ প্রশাসনের কর্তারা।
চোরবাগান প্রসঙ্গে তিনি বলেন, ৩ মাসের মধ্যে SIT রিপোর্ট দেবে। দুর্গাপুজো নিয়ে তিনি জানান, রাজ্যে এবার ৬৬ হাজার পুজো হয়েছে, যার মধ্যে ৫৮ হাজারকে সরকার সহযোগিতা করেছে। চোরবাগান ছাড়া কোথাও কোনও দুর্ঘটনা ঘটেনি। পুলিশের সংখ্যা কম থাকা সত্ত্বেও পরিস্থিতি সামলানো হয়েছে। কালীপুজো ও দীপাবলির আতসবাজি নিয়ে ২৮ তারিখ পরিবেশ দপ্তরকে নিয়ে গাইডলাইন বৈঠক করবেন বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দুর দাবি, ফলতা, রেজিনগর, নন্দীগ্রামের মতোই কলকাতা ও হাওড়া পুরভোটেও মানুষ বিজেপিকেই বেছে নেবে। বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে, আর বিজেপি থাকবে মানুষের পাশে, রাস্তায়।
