আজকের দিনেবাংলার আয়না

NANDIGRAM…নন্দীগ্রামে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আবারও প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। একদিকে দলেরই একাংশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক ট্যাবলোতে হামলার অভিযোগ, অন্যদিকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের অফিস উদ্বোধনে ডাক না পাওয়াকে ঘিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অস্বস্তি। এই দুই ঘটনাতেই নন্দীগ্রামে বিজেপির ভিতরের ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার সকালে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া ও কালীচরণপুর এলাকায় বিজেপির নন্দীগ্রাম তিন নম্বর মণ্ডলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরতে ট্যাবলো সাজানো হয়। অভিযোগ, সেই সময়েই স্থানীয় ‘আদি বিজেপি’ নেতা-কর্মীরা এই কর্মসূচিতে বাধা দেন এবং ট্যাবলোর উপর হামলা চালান। বিজেপির নন্দীগ্রাম তিন নম্বর মণ্ডল সভাপতি বটকৃষ্ণ দাস বলেন,“শুনেছি আমাদের ট্যাবলোর উপর হামলা হয়েছে। কারা করেছে তা এখনও পরিষ্কার নয়। তবে এটা ঠিক কাজ নয়।”
অন্যদিকে, নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন অফিস ভবনের উদ্বোধন নিয়েও বিজেপির অন্দরের দ্বন্দ্ব সামনে এসেছে। জেলা প্রশাসনের ডিএম ও এসপি উপস্থিত থাকলেও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি স্থানীয় বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

উল্লেখযোগ্যভাবে, এই পঞ্চায়েত বিজেপির দখলেই রয়েছে। পঞ্চায়েত প্রধান শিউলি কর, যিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি পবিত্র করের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়াল এলাকায় দীর্ঘদিন ধরেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এর জেরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপি নেতা পবিত্র করের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব যত বেড়েছে, ততই তাঁর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বাড়ছে। এমনকি তিনি স্ত্রী ও অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলেও আলোচনা চলছে। এই প্রসঙ্গে পবিত্র করের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন,
“৮–১০ দিন অপেক্ষা করুন, সব বোঝা যাবে।”
এদিকে, নন্দীগ্রামের দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ বেড়েছে। রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরভাঙন আরও বাড়িয়ে তুলছে।

নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা বলেন, “বিজেপি পরিচালিত বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে ডাকা হয়নি। এর থেকেই বোঝা যায়, নন্দীগ্রামে বিজেপির মধ্যেই তাঁকে নিয়ে মতভেদ রয়েছে।”
সব মিলিয়ে, ট্যাবলোতে হামলা ও পঞ্চায়েত অফিস উদ্বোধন এই দুই ঘটনায় নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। দলের অস্বস্তি এতটাই যে, অনেক বিজেপি নেতাই এখন প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *