আজকের দিনেতিলোত্তমা

Rape : ধর্ষণ মামলায় ৭ বছর পর গ্রেপ্তার যুবক …

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বান্ধবীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হল এক যুবক। কলকাতা থেকে লন্ডনে পালিয়ে গিয়ে নিজেকে আইনের ধরাছোঁয়ার বাইরে ভেবেছিলেন তিনি। কিন্তু লুকআউট নোটিসের জেরেই মুম্বই বিমানবন্দরে পা রাখামাত্র ধরা পড়ে গেলেন অভিযুক্ত।

ধৃত যুবকের নাম শেখ সোহেব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় আট বছর আগে দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ওই তরুণীকে নিয়ে যান সোহেব এবং একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু তরুণী যখন বিয়ের কথা তোলেন, তখনই তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন অভিযুক্ত।

এর মধ্যেই পরিচিতদের সাহায্যে লন্ডনে কাজ পেয়ে যান সোহেব। বান্ধবীকে প্রায় কিছু না জানিয়েই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পরে বিষয়টি জানতে পেরে বজবজ থানায় শেখ সোহেবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই তরুণী। যেহেতু অভিযুক্ত একবালপুর থানার এলাকার বাসিন্দা, তাই আদালতের নির্দেশে কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একবালপুর থানার পুলিশ দীর্ঘদিন তল্লাশি চালালেও সোহেবের খোঁজ মেলেনি। পরে জানা যায়, তিনি বিদেশে রয়েছেন। সেই কারণে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়।

টানা সাত বছর লন্ডনে থাকার পর সোহেব ভেবেছিলেন মামলাটি হয়তো চাপা পড়ে গিয়েছে। সেই বিশ্বাস নিয়েই রবিবার রাতে তিনি বিমানে করে মুম্বই বিমানবন্দরে নামেন। কিন্তু লুকআউট নোটিস জারি থাকায় বিমানবন্দরেই তাঁকে আটক করা হয়। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে।

সোমবার একবালপুর থানার পুলিশ আধিকারিকরা মুম্বই পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেন এবং তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *