Death : কলেজছাত্রীর রহস্যমৃত্যু ….
কিউ ইন্ডিয়া বাংলা :- হাওড়ার বেলুড় এলাকায় এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম শিপ্রা সিংহ (১৯)। তিনি বিএসসি-র ছাত্রী।
সোমবার দুপুরে বেলুড় গিরিশ ঘোষ রোডের একটি বহুতলে এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিলেন শিপ্রা। পড়া শেষ হওয়ার পর ওই বহুতলের ছাদ থেকে হঠাৎই নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ছাদের রেলিংয়ের ওপর পরিপাটি করে রাখা ছিল শিপ্রার জুতো ও বইয়ের ব্যাগ। সেই দৃশ্য দেখে পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করতে পারেন। তবে অসাবধানতাবশত পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার অতিরিক্ত চাপ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া প্রায় দু’বছর আগে শিপ্রার ছোট বোনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে চাননি পুলিশ আধিকারিকরা।এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ছাত্রীর পরিবার এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
