বেহালার পর্ণশ্রীতে বৃদ্ধা খুন
কিউ ইন্ডিয়া বাংলা :- খাস কলকাতায় ফের বৃদ্ধা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্ট্রিটের একটি আবাসন থেকে উদ্ধার হল ৬৪ বছরের সঙ্গীতশিল্পী অনিতা ঘোষের রক্তাক্ত দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, ধারাল অস্ত্র দিয়ে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
সোমবার সকালে শক্তিসঙ্ঘ ক্লাব সংলগ্ন ওই আবাসনের দোতলার ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে এক আয়া খুনের কথা স্বীকার করেছেন বলে সূত্রের খবর।
মৃতার স্বামী ৭২ বছরের অরূপ ঘোষ প্রাক্তন দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও কর্মী। বর্তমানে তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত ও শয্যাশায়ী। স্বামীর দেখাশোনার জন্যই বাড়িতে দু’জন আয়া এবং একজন রান্নার লোক রাখা হয়েছিল। একজন দিনের শিফটে, অন্যজন রাতের শিফটে।
প্রতিবেশীদের দাবি, ঘটনার সময় অনিতা ঘোষ ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেছিলেন। তাঁরা ছুটে গিয়ে দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ। কিছুক্ষণ পর সঞ্জু নামে এক আয়া দরজা খুলে জানায়, কেউ একজন অনিতাদেবীকে খুন করে পালিয়েছে। তবে তাঁর কথাবার্তায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁকে আটকে রেখে তল্লাশি চালানো হলে তাঁর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা উদ্ধার হয়।
খবর পেয়ে পুলিশ এসে ওই আয়া-সহ আরও দু’জনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জু জেরায় খুনের কথা স্বীকার করেছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশেই এই খুন। যদিও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতার দুই ছেলে মহেশতলায় থাকেন। ঘটনার খবর প্রথম তাঁদেরই ফোন করে জানান ওই আয়া। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পর্ণশ্রী থানার পুলিশ।
