স্পেনে মৃত অন্তত ২১! লাইনচ্যুত হয়ে ট্রেন উঠে গেল পাশের ট্র্যাকে, মুখোমুখি সংঘর্ষ দুই ট্রেনের
কিউ ইন্ডিয়া বাংলা, মাদ্রিদঃ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বেলাইন হয়ে গেল হাই স্পিড ট্রেন। এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়!ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ায়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২১ জনের।আহত অন্তত ১০০ জন। একই ট্র্যাকে মুখোমুখি দুটি হাইস্পিড ট্রেনের ধাক্কায় ট্র্যাকটিই দুমড়েমুচেড়ে গেল! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৭০ জন। দুর্ঘটনার খবর পেয়ে দেশের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ বলছেন, ‘অভিশপ্ত আর যন্ত্রণাদায়ক একটা রাত।’ পরিবহণ মন্ত্রী অস্কার পুয়েন্তের কথায়, ”দুর্ঘটনার ধরন অত্যন্ত অদ্ভুত!”
মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাইস্পিড ট্রেন ট্র্যাক বদল করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। ট্র্যাক বদলে অন্য একটি ট্রেনের মুখোমুখি চলে আসে মাদ্রিদগামী যাত্রীবাহী ট্রেনটি। দুটি ট্রেনই অত্যধিক দ্রুতগতিতে থাকায় তা নিয়ন্ত্রণ করতে না পেয়ে সজোরে সংঘর্ষ ঘটে। যার জেরে দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মাদ্রিদগামী ট্রেনটি একটি স্টেশন ছাড়ার ১০ মিনিট পর, আদামুজ়ের কাছে লাইনচ্যুত হয়ে যায় এবং পাশের ট্র্যাকে উঠে যায়। ওই ট্র্যাক দিয়েই আসছিল মাদ্রিদ থেকে হুয়েলভা গামী ট্রেন। এরফলে মুখোমুখি সংঘর্ষ হয় দুই ট্রেনের। আইরো হাই স্পিড ট্রেন ৩০০-রও বেশি যাত্রী ছিল। উল্টোদিকে, রেনফে সার্ভিসের ট্রেনে কমপক্ষে ১০০ জন যাত্রী ছিল দুর্ঘটনার সময়। মুখোমুখি সংঘর্ষের জেরে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। রেনফে ট্রেনের চালকেরও মৃত্য়ু হয়েছে। আহত ১০০ জন যাত্রীর মধ্যে ২৫ জনের অবস্থা সঙ্কটজনক। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে অবাক স্পেনের খোদ পরিবহণ মন্ত্রীও। তাঁর মতে, খুবই অদ্ভুদভাবে দুটি ট্রেন এভাবে মুখোমুখি এসে পড়ায় সংঘর্ষ হল। পুলিশ ও উদ্ধারকারী দল জানিয়েছে, ট্র্যাকের পাতগুলি এই দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ ওই রেলট্র্যাক নাকি সদ্যই সংস্কার করা হয়েছিল।দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ, দমকলকর্মী, রেড ক্রসের সদস্যরা পৌঁছয় দুর্ঘটনাস্থলে। রাতভর উদ্ধারকাজ চলেছে। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের কামরার ভিতরে অনেক যাত্রী ঘণ্টাখানেক আটকে ছিলেন। আইরো ট্রেনের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও, রেনফে ট্রেনের কামরাগুলির অবস্থা ভয়াবহ।
