SUMIT ROY CASE : জমি দুর্নীতির টাকা সোজা যেত সুমিতের দপ্তরে! অভিষেকের দুই প্রাক্তন দেহরক্ষীর বয়ানে চাঞ্চল্য
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শালবনি জমি দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে (SUMIT ROY CASE)। তদন্তকারীদের দাবি, জালিয়াতির বিপুল অর্থ প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের দপ্তরে পৌঁছাত। সিআইডির চার্জশিটে হাতিয়ার অভিষেকের দুই প্রাক্তন দেহরক্ষী ও গাড়ি চালকের বয়ান।
সিআইডি সূত্রে খবর, গত ২ সেপ্টেম্বর এই মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে সুমিতের নাম অভিযুক্ত হিসাবে না থাকলেও নাম রয়েছে সুজয় হাজরার (SUMIT ROY CASE)। মোট ২০ জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা, অভিষেকের দুই প্রাক্তন দেহরক্ষী এবং দু’জন গাড়িচালক।
তদন্তকারীদের দাবি, শালবনিতে উদ্বাস্তুদের চাষাবাদের জন্য বরাদ্দ সরকারি জমি দখল করে জালিয়াতির ছক সাজানো হয়েছিল। সুমিতের নির্দেশেই এই দুর্নীতি হয় বলে দাবি। এই চক্রে সুজয় হাজরা, অনিতেশ পয়রাসহ আরও অনেকে যুক্ত ছিলেন (SUMIT ROY CASE)। জেরায় জানা গিয়েছে, জমি জালিয়াতি করে সুজয় বিপুল অর্থ তুলে সুমিতের দপ্তরে পাঠাতেন। দুই দালালও সুজয়ের হয়ে কাজ করত।
চার্জশিটে আরও উল্লেখ, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে সুমিতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাত কোটি টাকা জমা পড়েছে, যার উৎস তিনি জানাতে পারেননি। গত কয়েকদিন আগেই কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে সুমিতকে গ্রেপ্তার করে সিআইডি।
মেদিনীপুর আদালতে জমা দেওয়া ফরোয়ার্ডিং লেটারে সিআইডির চাঞ্চল্যকর দাবি, দীর্ঘ জেরার মুখে পড়ে ধৃত সুমিত রায় কার্যত নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এই দুর্নীতি চক্রের আর্থিক লেনদেন ও বাকিদের ভূমিকা খতিয়ে দেখছে রাজ্য গোয়েন্দা দপ্তর।
