আজকের দিনেখেলা

MOHUN BAGAN: সুপার সিক্সের প্রথম ম্যাচেই গোলের বন্যা, কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে উড়িয়ে ডার্বির জ্বালা জুড়াল মোহনবাগান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ডুরান্ড ডার্বি হার ও লিগ ডার্বি ড্র-এর সমালোচনার জবাব দিল সবুজ-মেরুন ব্রিগেড (MOHUN BAGAN)। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচেই কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল বাস্তব রায়ের মোহনবাগান। প্রথমার্ধেই ৫ গোলে ম্যাচ কার্যত শেষ করে দেন মনবীর-সাহালরা।

নৈহাটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান (MOHUN BAGAN)। ২ মিনিটে লিস্টনের সহজ সুযোগ নষ্ট, ৫ মিনিটে ফের গোল মিস করেন তিনি। ২০ মিনিটে ডেডলক ভাঙেন মনবীর সিং। সাহালের বাড়ানো বল থেকে গোলকিপারকে কাটিয়ে গোল করেন তিনি। এরপর ৩৩ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান সাহাল আবদুল সামাদ।

৩৬ মিনিটে কিয়ান নাসিরির পাস থেকে সাইড ভলিতে দুরন্ত গোল করেন সন্দীপ মালিক। ৩৭ মিনিটে নিজেই গোল করেন কিয়ান। ৪২ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মনবীর। প্রথমার্ধেই ৫-০ (MOHUN BAGAN)।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নষ্ট করে মোহনবাগান। ৭৪ মিনিটে সন্দীপের হ্যান্ডবলের জেরে পেনাল্টি থেকে কোল ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলটি শোধ করেন ইরফান।

প্রথমার্ধের দাপটে ৩ পয়েন্ট নিশ্চিত হলেও দ্বিতীয়ার্ধে গোল মিস চিন্তায় রাখবে কোচকে। চ্যাম্পিয়ন হতে গোল পার্থক্য গুরুত্বপূর্ণ, সেখানে প্রথমার্ধে ৫ গোলের পর দ্বিতীয়ার্ধে গোলশূন্য থাকাটা কিছুটা হতাশার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *