MALAI MASHROOM : এয়ার ফ্রায়ারে ২০ মিনিটে বানিয়ে ফেলুন দুর্দান্ত মালাই মাশরুম
কিউ ইন্ডিয়া বাংলা: মাছ মাংসের পাশাপাশি এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে ‘ব্যাঙের ছাতা’, যাকে শুদ্ধ ভাষায় বলা হয় মাশরুম(MALAI MASHROOM)। মাশরুম মাশালা, গার্লিক পেপার মাশরুম হোক বা মাশরুম ফ্রায়েড রাইস বা আলু দিয়ে কষিয়ে তরকারি সবেতেই এখন শোভা পাচ্ছে মাশরুম। তবে বাঙালী বাড়ির বাজারের লিস্টে আগে মাশরুম স্থান না পেলেও যতদিন যাচ্ছে জনপ্রিয় হয়ে উঠছে মাশরুম। বিখ্যাত রন্ধন শিল্পীদের রান্নার সহজ রেসিপি বা তাঁর স্বাদ জেনে গেলে তা ভুলবেন না আর কোনোদিন।
এবার আসি মাশরুমের কিছু প্রকার নিয়ে। যেমন ঝিনুক মাশরুম, বোতাম মাশরুম, দুধ মাশরুম, খড় বা স্ট্র মাশরুম, শীততাকে মাশরুম, এনোকি মাশরুম। বিশিষ্ট রন্ধনশিল্পী সঞ্জীব কপূরের রান্না করা বিখ্যাত রেসিপি মালাই মাশরুম(MALAI MASHROOM), যে পদ রান্না হয়েছে বোতাম বা বাটন (Button Mushroom) মাশরুম দিয়ে। শিখে নিন সেই বিখ্যাত সুস্বাদু রান্নার রেসিপি। কি কি লাগছে এই রান্নায় আগে চলুন সেটা দেখে নিই-
উপকরণ
১২-১৬টি বাটন মাশরুম
আধ কাপ গ্রেট করা চিজ়
আধ কাপ জল ঝরানো টক দই
দেড় টেবিলচামচ আদা-রসুন-লঙ্কার বাটা
এক চিমটে সাদা গোলমরিচের গুঁড়ো
এক চিমটে সবুজ এলাচগুঁড়ো
এক চিমটে গরমমশলা গুঁড়ো
আধখানি লেবুর রস
আধ কাপ ফ্রেশ ক্রিম
পরিমাণ মতো গলানো মাখন
পরিমাণ মতো তেল
স্বাদমতো নুন
এক চিমটে চাটমশলা
এবার আসি প্রণালীতে অর্থাৎ কিভাবে রাঁধবেন এই অতুলনীয় পদ।
প্রথমেই ২০০ ডিগ্রি তাপমাত্রায় গরম করতে হবে এয়ার ফ্রায়ারটিকে। অন্যদিকে একটি পাত্রে প্রক্রিয়াজাত চিজ ভাল ক্করে চটকে নিন। এরপর আস্তে আস্তে মেশাতে হবে বিভিন্ন উপকরণ আদা-রসুন-লঙ্কার বাটা। সাথে দিতে হবে মরিচের গুঁড়ো, সবুজ এলাচগুঁড়ো এবং গরমমশলা গুঁড়ো। এর মধ্যে লেবুর রস চিপে পরিমাণ মতো নুন দিয়ে দিন। সব শেষে মিশিয়ে ফেলুন ফ্রেশ ক্রিম। সমস্ত উপকরণ গুলি মিশিয়ে মিহি একটা মিশ্রন তৈরি করুন। এই মিশ্রনের সাথে ভাল করে মিশিয়ে ফেলুন মাশরুম(MALAI MASHROOM) গুলিকে। এবার এয়ার ফ্রায়ারের বাস্কেটে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দিন। তারপর মাশরুম গুলিকে ভাল করে সাজিয়ে দিন ফয়েলের ওপর। ১০ থেকে ১৫ মিনিট ভাল করে বাটার ব্রাশ করে করে ভেজে নিন। ভালো মতো ভাজা হয়ে গেলে সবুজ চাটনি সহযোগে ফ্রেশ ক্রিম, চাটমশলা এবং সবুজ শাকপাতার দিয়ে সাজিয়ে পরিবেশন করে ফেলুন গরম গরম মালাই মাশরুম।
