আজকের দিনেভারত

Kissing Bus On His Retirement Day : স্টিয়ারিং-ই ছিল সংসার! অবসরের দিনে বাসকে প্রণাম-চুমু, ভিডিয়ো দেখে চোখে জল নেটপাড়ার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আট বছরের সঙ্গী। শেষ দিনে তাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা। স্টিয়ারিং হুইলে চুমু খেয়ে, প্রতিটি চাকায় প্রণাম করে দীর্ঘদিনের সঙ্গীকে বিদায় জানালেন কেরলের বাসচালক। সেই আবেগঘন মুহূর্ত ভাইরাল হতেই চোখ ভিজেছে নেটিজেনদেরও।(Kissing Bus On His Retirement Day)

কেরলের ইদুক্কি জেলার KSRTC কুমিলি ডিপোর চালক পল কুরিয়ান। গত ২ সেপ্টেম্বর ছিল তাঁর চাকরিজীবনের শেষ দিন। শেষ আট বছর ধরে ইদুক্কি-কুমিলি রুটে একই বাস চালিয়েছেন তিনি।(Kissing Bus On His Retirement Day)

শেষ দিন বাস নিয়ে ডিপোয় ফেরেন পল। দরজা খুলে বেরিয়ে আসতেই ঘিরে ধরেন সহকর্মীরা। তারপর যা করলেন, তা দেখে চোখে জল সবার। একে একে বাসের প্রতিটি চাকার কাছে গিয়ে প্রণাম করেন বৃদ্ধ চালক। তারপর বাসের সামনে এসে আলতো করে চুম্বন করেন। গলা ধরে আসে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। সহকর্মীরাও আবেগ ধরে রাখতে পারেননি।

সহকর্মীরাই সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োটি ‘নীতুখন্ডেলবাল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা।

কাজের প্রতি এমন নিষ্ঠা দেখে মুগ্ধ নেটপাড়া। হাজার হাজার মানুষ পলের প্রশংসা করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে ৩১ অক্টোবর তাঁর অবসর, তবে এই সপ্তাহেই ছিল তাঁর শেষ কর্মদিবস। বাকি দিনগুলি ছুটিতে থাকবেন তিনি।

ভাইরাল ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। তিনি বলেন, “যে বাসটি বছরের পর বছর তাঁর জীবনের অংশ ছিল, তার প্রতি কুরিয়ানের শ্রদ্ধা গভীরভাবে অভিভূত করেছে। এটি শুধু ব্যক্তিগত বিদায় নয়, প্রতিদিন কেরলের গণপরিবহণ সচল রাখা হাজার হাজার KSRTC কর্মীর অঙ্গীকার ও দায়িত্ববোধের প্রতীক।”(Kissing Bus On His Retirement Day)

একটি বাস শুধু যন্ত্র নয়, দীর্ঘদিনের সঙ্গীও হতে পারে – তা প্রমাণ করে দিলেন পল কুরিয়ান। তাঁর এই ভালোবাসা শিখিয়ে দেয়, কাজকে ভালোবাসলে কাজও আপন হয়ে ওঠে। তাই তো অবসরের দিনেও চোখের জলে বিদায় জানাতে হয় সেই যন্ত্রকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *