Weather : ফের বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:-পুজোর মুখে ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। এর জেরে আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। আগামী ৪৮ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগ অতিক্রম করবে।(Weather)
এর প্রভাবে আজ রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উপকূলীয় এলাকা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।(Weather)
আগামীকাল সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি এবং গতকাল সর্বোচ্চ ছিল ৩৩.৬ ডিগ্রি।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।(Weather)
সমুদ্র উত্তাল থাকায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুজোর আগে এই বৃষ্টি ভোগান্তি বাড়াতে পারে।
