Cape Verde-India : শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলতে পারে ভারত !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের রেশ কাটতে না কাটতেই আরও সুখবর। শুধু ব্রাজিল নয়, পুজোর আগেই বিশ্বকাপে নজর কাড়া কেপ ভার্দের বিরুদ্ধেও প্রীতি ম্যাচ খেলতে পারে ভারত। ফেডারেশন সূত্রে খবর, প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে হতে পারে জোড়া ধামাকা।
সর্বভারতীয় এক নামী সংবাদসংস্থার দাবি, কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজনের ব্যাপারে অনেকটাই এগিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে গেলেও মাত্র সাড়ে ৫ লক্ষ জনসংখ্যার দেশটি স্পেন, উরুগুয়েকে আটকে দিয়ে এবং আর্জেন্টিনাকে প্রবল চাপে ফেলে গোটা বিশ্বের নজর কেড়েছে।(Cape Verde-India)
ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, কেপ ভার্দের সঙ্গে ম্যাচটি ব্রাজিল ম্যাচের আগে বা পরে যে কোনও সময় হতে পারে। সম্ভাব্য সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে। অর্থাৎ পুজোর আগেই পরপর দুটি হাই প্রোফাইল প্রীতি ম্যাচ উপহার পেতে চলেছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
ফেডারেশনের এক কর্তা বলেন, “আলোচনা শুরু হয়েছে। এখনও কিছু চূড়ান্ত নয়। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত-কেপ ভার্দে ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশ জোরাল। কবে-কোথায় খেলা হবে, সেটা ঠিক করা হবে দু’দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলেই।”(Cape Verde-India)
আপাতত ফেডারেশনের মূল ফোকাস ব্রাজিল ম্যাচে। ইতিমধ্যেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনের মিটিং করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতি অথবা শুক্রবার কলকাতায় আসতে পারেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরাও।
ব্রাজিলের পর কেপ ভার্দে – পরপর দুই বিশ্বমানের দলের বিরুদ্ধে খেলার সুযোগ। যদি চূড়ান্ত হয়, তবে সাম্প্রতিক ইতিহাসে এটাই ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে। কলকাতা প্রস্তুত হচ্ছে ফুটবলের মহারণের জন্য।(Cape Verde-India)
