আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Mysterious Death : সিপিআইএম নেতার রহস্যমৃত্যু: কেস রিওপেনের দাবিতে রাজপথে পরিবার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ২০১৯ সালে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় সিপিআইএম নেতা অজয় মণ্ডলের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর আগে নিহতের রেকর্ড করে যাওয়া একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এবং তৎকালীন শাসকদল তৃণমূলের পার্টি অফিস থেকে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) স্পর্শকাতর নথি উদ্ধারের পর, ঘটনার নেপথ্যে তৎকালীন শাসকদল তৃণমূলের হাত থাকার অভিযোগ তুলে পুনস্তদন্তের দাবিতে রাজপথে নামলেন নিহতের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ লক্ষীনারায়ণপুরের বাসিন্দা তথা সিপিআইএম নেতা অজয় মণ্ডল শাসকদলের প্রার্থী রাজ বাহাদুর সিংয়ের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতি আসনে লড়াইয়ের জন্য বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেন। নিহতের পরিবারের অভিযোগ, নাম প্রত্যাহার করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অজয়বাবুকে অপহরণ করে নিয়ে যায় এবং টানা তিন দিন গোপন ডেরায় আটকে রেখে নির্মম শারীরিক অত্যাচার চালায়। পরবর্তীতে নিজের ওপর হওয়া সেই নির্যাতনের বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছিলেন অজয় মণ্ডল।

উক্ত ঘটনার এক বছরের মাথায়, ২০১৯ সালের লোকসভা ভোটের ঠিক মুখে বাড়ির অদূরে একটি ড্রেন থেকে অজয় মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু তৎকালীন রাজনৈতিক চাপ ও পুলিশি নিষ্ক্রিয়তার কারণে তদন্তপ্রক্রিয়া ধামাচাপা পড়ে যায়।

সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের জেরে স্থানীয় তৃণমূল পার্টি অফিস থেকে অজয় মণ্ডলের পোস্টমর্টেম রিপোর্টের ফটোকপি উদ্ধার হওয়ায় এবং জীবিতাবস্থায় তাঁর রেকর্ড করা ভিডিওটি পুনরায় প্রকাশ্যে আসায় বিষয়টি নতুন মোড় নিয়েছে। নিহতের পরিবারের প্রশ্ন, একজন সাধারণ নাগরিকের গোপন পোস্টমর্টেম রিপোর্ট কীভাবে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছাল?

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং কেসটি পুনরায় চালু (Reopen) করে নিরপেক্ষ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন স্বজনহারা পরিবার ও এলাকার বাসিন্দারা। সুবিচারের দাবিতে তাঁরা পাথরপ্রতিমায় দীর্ঘ পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঘটনার এতদিন পর নতুন নথি ও ভিডিও সামনে আসায় গোটা পাথরপ্রতিমা জুড়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *