আজকের দিনেগ্রীন রুমভারত

Shanu-Udit : তরুণীকে চুমুকাণ্ডে উদিতকে শানুর তির্যক খোঁচা: ‘কাউকে চুমু খাইওনি…’!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মঞ্চে অনুরাগী তরুণীকে চুমু খেয়ে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। সেই আলোচিত ঘটনাটি নিয়ে এতদিন পর মুখ খুললেন তাঁর প্রবীণ সহশিল্পী কুমার শানু। সরাসরি উদিতের নাম না নিয়েও, নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় শিল্পীবন্ধুকে দেওয়া শানুর এই তির্যক বার্তা এখন মায়ানগরীর বিনোদনপাড়ায় নতুন চর্চার খোরাক জুগিয়েছে।

নব্বইয়ের দশকের সংগীত অঙ্গনে মূল লড়াইটা ছিল উদিত নারায়ণ ও কুমার শানুর সমান্তরাল রাজত্বকে ঘিরে। তবে পর্দায় বা স্টুডিওতে যতই প্রতিযোগিতা থাক না কেন, তাঁদের ব্যক্তিগত সমীকরণ সবসময়ই ছিল সৌহার্দ্যপূর্ণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শানুর কাছে জানতে চাওয়া হয়— নব্বইয়ের দশকে মহিলা অনুরাগী মহল থেকে তিনি ঠিক কতটা ভালোবাসা পেতেন? উত্তর দিতে গিয়েই সুযোগটা হাতছাড়া করেননি ‘আশিকী’ খ্যাত এই গায়ক। এক গাল হেসে তিনি বলেন, “না কেউ এসে আমাকে চুমু খেয়েছে, আর না আমি কাউকে চুমু খেয়েছি… এসবের মধ্যে আমি একদমই ছিলাম না।”

কারও নাম না বললেও কথাটি যে উদিতের সেই বহুল চর্চিত কাণ্ডকে লক্ষ্য করেই বলা, তা বুঝতে নেটিজেনদের বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। উল্লেখ্য, ২০২৫ সালে এক কনসার্টে গান গাওয়ার মাঝপথে সেলফি তুলতে আসা এক তরুণীর ঠোঁটে আচমকা চুম্বন করে বিতর্ক উসকে দেন উদিত নারায়ণ। নেটদুনিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়। সে সময় গায়ক অভিজিৎ ভট্টাচার্য বন্ধু উদিতের পাশে দাঁড়িয়েছিলেন, তবে এবার নিজের মেজাজী রসিকতায় সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন কুমার শানু।

সংগীতজীবনের দীর্ঘ পথচলায় বিতর্ক থেকে নিজেদের দূরে রাখলেও, দুই কিংবদন্তির এই মৃদু বাকযুদ্ধ ভক্তদের বেশ বিনোদিত করেছে। উদিত নারায়ণের সেই অপ্রত্যাশিত কাণ্ড আর তা নিয়ে শানুর এমন হালকা চালের কটাক্ষ— সব মিলিয়ে বলিপাড়ার এই পুরোনো বন্ধুত্বের নতুন রসায়ন সোশাল মিডিয়ায় এখন জোর চর্চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *