আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Cooch Behar : জনরোষের মুখে কোচবিহারের সাংসদ ও বিধায়ক, প্রবল তাড়া খেয়ে গভীর রাতে সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কোচবিহার :- পুলিশি সুরক্ষা থাকা সত্ত্বেও জনরোষের হাত থেকে রক্ষা পেলেন না কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া এবং তাঁর স্ত্রী তথা সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া। সিতাইয়ের নিজ বাড়িতে ফেরার পর স্থানীয়দের প্রবল বিক্ষোভ ও ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়ে গভীর রাতেই এলাকা ছেড়ে কোচবিহারের ফ্ল্যাটে ফিরে যেতে বাধ্য হলেন তাঁরা।

সম্প্রতি বসুনিয়া দম্পতির রাজনৈতিক দলবদল ও অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন সাংসদ জগদীশ বসুনিয়া, আর তাঁর স্ত্রী বিধায়ক সঙ্গীতাও কালীঘাট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাথে দূরত্ব বাড়িয়ে চলছেন।
সোমবার সংসদ অধিবেশন শেষে দিল্লি থেকে ফিরে রাত ১১টা নাগাদ সিতাই বাজারে নিজেদের বাড়িতে পৌঁছান বসুনিয়া দম্পতি। তাঁদের ফেরার খবর ছড়াতেই সিতাই বাজার ও বাড়ির সামনে জড়ো হয়ে স্থানীয়দের একাংশ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে পুলিশের উপস্থিতিতেও জনরোষের তীব্রতা না কমায় কয়েক ঘণ্টার মধ্যেই সিতাইয়ের বাড়ি ছেড়ে কোচবিহার শহরের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিতে বাধ্য হন সাংসদ ও বিধায়ক।

এই ঘটনাকে ঘিরে গোটা কোচবিহার জেলায় নতুন করে রাজনৈতিক আলোচনা ও উত্তাপ তৈরি হয়েছে। তবে এলাকার সাধারণ মানুষের এই তীব্র ক্ষোভ ও বিক্ষোভের বিষয়ে সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বা বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া—কারও পক্ষ থেকেই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *