আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Howrah Station : ২৬ বগির ট্রেন দাঁড়াবে! আজ থেকেই হাওড়া স্টেশনে চালু ২৪ নম্বর প্ল্যাটফর্ম !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:-যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের। আজ, সোমবার থেকেই হাওড়া স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মে। এটি এখন হাওড়ার সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম।

রেল সূত্রে খবর, ২৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় ৬৩৫ মিটার। ২.৬৯ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্ল্যাটফর্মে অনায়াসে দাঁড়াবে প্রায় ২৬ বগির ট্রেন। এতদিন হাওড়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর, কিন্তু তাতেও জায়গা কম পড়ছিল।

শুধু নতুন প্ল্যাটফর্মই নয়, হাওড়া ডিভিশন আরও একাধিক কাজ করছে। দীর্ঘ দূরত্বের ট্রেন চালানোর জন্য ১০-১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ চলছে। ১৬ নম্বর প্ল্যাটফর্মেও কাজ হচ্ছে। পাশাপাশি ট্রেন চলাচল নিরাপদ করতে বসানো হচ্ছে ‘রুট রিলে ইন্টারলকিং’ ব্যবস্থা।

হাওড়া ডিআরএম জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের লাইন সংযোগের কাজের জন্যই ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। এই জংশন পয়েন্টের কাজ শেষ হলেই লেটের সমস্যা মিটবে। তারকেশ্বর, লিলুয়া, আজিমগঞ্জ, ডানকুনি, রামপুরহাট ও কাটোয়ায় কাজ শেষ হয়েছে। হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, লিলুয়া-সহ আরও স্টেশনে লিফট বসানোর কাজও হবে।

২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু হওয়ায় হাওড়া স্টেশনে ট্রেন পরিচালনা আরও সহজ হবে। লম্বা ট্রেন ধরতে এবং প্ল্যাটফর্মে ভিড় কমাতে যাত্রীরা বড় স্বস্তি পাবেন বলেই আশা রেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *