MODI : প্রতিকূলতায়ও হার মানেনি, কারগিলের বীরত্ব আজও দেশের গর্ব – বললেন মোদি !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আজ ২৬ জুলাই, কারগিল বিজয় দিবস। ১৯৯৯ সালের এই দিনে পাক সেনাকে পরাস্ত করে কারগিল জয় করেছিল ভারতীয় সেনা। এই বিশেষ দিনে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১৯৯৯ সালের ১৩ মে থেকে ২৬ জুলাই, দু’মাসের বেশি সময় ধরে চলেছিল কারগিল যুদ্ধ। পরিকল্পনা করে লাদাখের কারগিল দখল করেছিল পাকিস্তানি সেনা। তারপর শুরু হয় তীব্র লড়াই। শেষে ২৬ জুলাই ভারতীয় সেনার অদম্য বীরত্বে পাক সেনা পিছু হটতে বাধ্য হয়।
কারগিল বিজয় দিবসে প্রধানমন্ত্রী মোদি এক্স-এ লেখেন, ‘কার্গিল বিজয় দিবসে ভারতের সুরক্ষায় অসামান্য সাহস ও নিষ্ঠার জন্য গোটা দেশ সাহসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের বীরত্ব চিরকাল দেশের গর্বের উৎস হয়ে থাকবে। তাঁদের অটল দেশপ্রেম ও কর্তব্যবোধ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শহিদদের স্মরণ করেন। তিনি বলেন, ‘তাঁদের অতুলনীয় বীরত্ব, অবিচল সংকল্প ও দেশপ্রেম ভারতীয় সশস্ত্র বাহিনীর গৌরবময় ঐতিহ্যেরই প্রতিফলন।’
সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই যুদ্ধে ভারতের ৫২৭ জন সেনা শহিদ এবং ১,৩৬৩ জন আহত হন। পাকিস্তানের ৪০ জন সেনা নিহত এবং ৬৬৫ জন আহত হয়েছিলেন।
উল্লেখ্য, যুদ্ধের কয়েক মাস আগেই দিল্লি-লাহোর ‘সদা-এ-সরহদ’ বাস চালু হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে লাহোর গিয়েছিলেন। কিন্তু পাক সেনাপ্রধান পারভেজ মুশারফের কারণে সেই শান্তি প্রক্রিয়া ভেস্তে যায়।
কারগিলের শহিদদের আত্মত্যাগ আজও প্রতিটি ভারতবাসীর কাছে অনুপ্রেরণা। তাঁদের বীরত্ব ও দেশপ্রেমের জন্যই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশ। প্রতি বছর ২৬ জুলাই আমরা তাঁদের সেই ত্যাগকে স্মরণ করি এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
