Salman Khan : ‘মোদিতেই ভরসা’ – নিট আন্দোলনরত পড়ুয়াদের বাড়ি ফেরার আর্জি সলমন খানের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশে পরপর দুটি বার্তা দিলেন সুপারস্টার সলমন খান। ২৪ ঘণ্টার মধ্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে ভাইজানের আবেদন, শিক্ষার্থীরা যেন এবার বাবা-মায়ের কাছে ফিরে যান। ভরসা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর।
বুধবার রাতে নিজের ছাত্রজীবনের ছবি দিয়ে প্রথম বার্তা দেন সলমন। তিনি লেখেন, “আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, কিন্তু শেষপর্যন্ত সহিংস রূপ নিল, সেটা সত্যিই দুঃখজনক। যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস শিক্ষাব্যবস্থার গুরুতর সমস্যা।”
তবে আন্দোলনকারীদের ঐক্য ও নিষ্ঠার প্রশংসাও করেন ভাইজান। বলেন, “উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে পড়ুয়ারা একজোট হয়েছে, অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। ওদের এই দৃঢ়তা প্রশংসনীয়।”
বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ফের পোস্ট। এবার সরাসরি যন্তর মন্তরের আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশে বার্তা। সলমনের কথায়, “শিক্ষাগত দিক থেকে এবং নিরাপত্তার দিক থেকেও শিক্ষার্থীরাই আমাদের দেশের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পড়ুয়াদের বা তাঁদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই।”
প্রধানমন্ত্রী মোদির টুইটের উল্লেখ করে সলমন লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এবিষয়ে টুইট করেছেন। আমি নিশ্চিত যে প্রশ্নপত্র ফাঁসের জন্য যাঁরা দায়ী তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই শিক্ষার্থীদের কাছে অনুরোধ, অনুগ্রহ করে আপনারা নিজেদের বাড়িতে ফিরে যান এবং বাবা-মায়ের সঙ্গে থাকুন।”
মোদি এদিনই জানিয়েছেন, “ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই নয়। তাদের ভবিষ্যৎ নিয়ে আপস করবে না সরকার।”
আন্দোলনের পথকে সমর্থন করেও শেষে শান্তি ও নিরাপত্তার কথা বললেন সলমন। পড়ুয়াদের সাহস ও একাগ্রতার তারিফ করে ভাইজানের বার্তা – মোদি সরকার কড়া পদক্ষেপ নেবে, তাই এখন বাড়ি ফিরে যাওয়াই শ্রেয়।
