সামশেরগঞ্জ হিংসা মামলায় বড় রায়: ১২ জনের ১০ বছরের জেল, জরিমানা ৬০ হাজার
কিউ ইন্ডিয়া বাংলা, সামশেরগঞ্জ: গত বছর ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ান এলাকা। সেই হিংসার ঘটনায় এবার কড়া সাজা শোনাল আদালত। ১২ জন দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৬০ হাজার টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার প্রেক্ষাপট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ১২ এপ্রিল ওই এলাকায় বিক্ষোভ চলাকালীন বলরাম পাল নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় উন্মত্ত জনতা। অভিযোগ ছিল, গোটা পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। সেই সঙ্গে পরিবারের সদস্যদের ওপর নৃশংস অত্যাচারও চালানো হয়। হিংসার ভয়াবহতা ও খুনের চেষ্টার গুরুত্ব বিচার করে সামশেরগঞ্জ থানার পুলিশ একটি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল। সেই মামলারই চূড়ান্ত রায় ঘোষণা হলো আজ।
জোড়া খুনের সঙ্গে যোগ
উল্লেখ্য, এই ১২ জন সাজাপ্রাপ্তের মধ্যে ৫ জনই হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় সরাসরি যুক্ত ছিল। গত বছর ডিসেম্বর মাসে জঙ্গিপুর আদালত ওই জোড়া খুনের ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই সময় আদালত স্পষ্ট জানিয়েছিল, ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ নয়, বরং ব্যক্তিগত আক্রোশই ছিল প্রধান।
আদালতের রায়
তদন্তকারী অফিসারদের জমা দেওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত নিশ্চিত হয় যে, বলরাম পালের বাড়িতে অগ্নিসংযোগ ও খুনের চেষ্টা পরিকল্পিত ছিল। এরপরই বিচারক ১২ জনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দেন। গত বছরের সেই অশান্তি নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর শোরগোল পড়েছিল। আদালতের এই রায়ের ফলে দোষীরা উপযুক্ত শাস্তি পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
