Trump-Hormuz : ট্রাম্পের হুঁশিয়ারি: হরমুজে হামলা হলে ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে আমেরিকা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হরমুজ প্রণালী নিয়ে সংঘাত নতুন মোড় নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিলেন — ইরান যতবার হরমুজের জাহাজে হামলা চালাবে, ততবার আমেরিকা তেহরান বা তার আশপাশের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে পালটা আঘাত হানবে। টানা ১১ দিন ধরে চলা মার্কিন অভিযানের মাঝেই এল এই কড়া বার্তা।
ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, “এবার থেকে হরমুজ প্রণালীতে কোনও জাহাজের ওপর ইরান যখনই ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন হামলা চালাবে, তখনই আমেরিকা রাজধানী তেহরান বা কাছাকাছি অবস্থিত সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বোমা মেরে ধ্বংস করে দেবে।”
আমেরিকা আগেই জানিয়েছিল, হরমুজ প্রণালী পুনরায় খোলার লক্ষ্যেই তারা ইরানে হামলা চালাচ্ছে। শান্তি চুক্তি এখন অতীত। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ৭৫ মিনিট ধরে ইরানের বিরুদ্ধে হামলা হয়েছে। আমেরিকার টার্গেটে রয়েছে সেতু, রেল স্টেশন, বিমানবন্দরের মতো ইরানের জরুরি পরিকাঠামো।
পালটা তেহরানও থেমে নেই। মঙ্গলবার ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস জানায়, কুয়েত এবং বাহরিনের মার্কিন সেনাঘাঁটিতে নতুন করে হামলা চালানো হয়েছে। আরও বড় হামলার হুঁশিয়ারিও দেয় আইআরজিসি। মার্কিন সেনার দাবি, একজন মার্কিন সেনার মৃত্যু এবং কুয়েত, জর্ডন, বাহরিনের উপর তেহরানের হামলার জবাবেই এই বোমাবর্ষণ। পাশাপাশি হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানি আক্রমণ রোখাও এই অভিযানের অন্যতম লক্ষ্য।
হরমুজকে কেন্দ্র করে আমেরিকা-ইরান সংঘাত এখন সরাসরি পরিকাঠামোতে আঘাতের দিকে গড়াচ্ছে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। দুই পক্ষের পালটা-পালটি হামলায় গোটা অঞ্চল কার্যত যুদ্ধের মুখে।
