FIR : মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এফআইআরের পথে শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের পরদিনই আইনি লড়াইয়ের পথে হাঁটল ১৯৯৩ সালের ১৩ শহিদের অন্যতম বিশ্বনাথ রায়ের পরিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মনীশ গুপ্তের নামে এফআইআর দায়েরের কথা জানালেন শহিদের ছেলে রাজীব রায়।
সোমবার বরানগরের নরসিংহ প্রসাদ রোডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব রায় বলেন, “কেউ করুক বা না করুক, আমার পরিবার এফআইআর করবে। আমি এবং আমার মা অভিযোগ দায়ের করব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনীশ গুপ্তের নাম থাকবে। পুরো তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় না নিয়ে আসা পর্যন্ত আমরা শান্ত থাকব না।”
পরিবারের অভিযোগ, ২০২৪ সাল থেকেই তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি বয়কট করছেন তাঁরা। শহিদ দিবস রাজনৈতিক শক্তি প্রদর্শনের অনুষ্ঠানে পরিণত হয়েছে, অথচ শহিদ পরিবারের বিচার আজও মেলেনি। সেই কারণেই এ বছর কোনও রাজনৈতিক মঞ্চে না গিয়ে নিজেদের উদ্যোগে শহিদ স্মরণ ও তর্পণ করেন তাঁরা।
এদিন সকালে বিশ্বনাথ রায়ের বাড়ির সামনে শহিদ বেদিতে মাল্যদান করতে যান তৃণমূল কর্মীরা। অভিযোগ, তাঁদের মাল্যদান করতে বাধা দেন রাজীব রায়। এরপর পরিবারের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক ইস্যুতে প্রাক্তন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
একই দিনে কাঁকিনাড়ার বাসিন্দা আর এক শহিদ কেশব বৈরাগীর পরিবারও কোনও রাজনৈতিক মঞ্চে যায়নি। তাঁদের দাবি, এই বিতর্কে তাঁরা আর জড়াতে চান না।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শহিদ পরিবারের এই আইনি পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিচারের দাবিতে ৩২ বছর পর ফের সরব শহিদ পরিবার—এখন দেখার পালা প্রশাসন কী পদক্ষেপ নেয়।
