Sikkim : সিকিমের সুরঙ্গ ধসে মৃত্যু, জলপাইগুড়ির ডুয়ার্সের ৬ শ্রমিক সহ একাধিকের প্রাণহানি !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- সিকিমের নামচি জেলায় নির্মিয়মান একটি সুরঙ্গে ভয়াবহ ধসের ঘটনা। ধসের জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। সরকারিভাবে এখনও মৃতের তালিকা প্রকাশ না হলেও, প্রাথমিকভাবে জানা গেছে মৃতদের মধ্যে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের একাধিক শ্রমিক রয়েছেন। শুধু মাটিয়ালি ব্লকেরই ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ডুয়ার্সের চা বাগান এলাকাগুলিতে।
সূত্রের খবর,মৃতদের মধ্যে মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের ১২ নং লাইনের বাসিন্দা বিকেশ্বর ওরাও, গ্যাবরিয়েল টিগ্গা এবং শিবা ওরাও রয়েছেন। এছাড়াও একই ব্লকের নাগেশ্বরী চা বাগানের অমিত লাল করে এবং ইংডং চা বাগানের শ্যাম ওরাওয়েরও মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জীবিকার তাগিদে গত কয়েক মাস আগেই এই শ্রমিকরা সিকিমের নামচির ওই নির্মীয়মান সুরঙ্গে কাজে গিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে এখন দিশেহারা তাঁদের পরিবার।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই এদিন কিলকোট চা বাগানের ১২ নম্বর লাইনে মৃতদের বাড়িতে ছুটে যান মাটিয়ালি বিডিও সুমন্ত ভৌমিক, মেটেলি থানার আইসি মিংমা লেপচা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সরকারি সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি এই এলাকা থেকে আর কতজন শ্রমিক ওই সুরঙ্গে কাজ করতে গিয়েছিলেন তার সম্পূর্ণ তালিকা তৈরি করছে ব্লক প্রশাসন। মাটিয়ালি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিকিম প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে নিখোঁজ ও আহতদের খোঁজ নেওয়ার জন্য।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ডুয়ার্সের একাধিক চা বাগানে শোক নেমে এসেছে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ এবং দেহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি নির্দেশিকা আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
