Firhad Hakim : ‘২১ জুলাইয়ের মঞ্চে শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল’, পুরনো দিনের জন্য আফশোস ফিরহাদের !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কিচেন ক্যাবিনেটে’র অন্যতম সদস্য, কলকাতার মহানাগরিক। ২১ জুলাইয়ের মঞ্চে যাঁকে দেখা যেত মুখ্যমন্ত্রীর সবচেয়ে কাছের সহযোগী হিসেবে। রাজনৈতিক পালাবদলের পরে সেই ফিরহাদ হাকিমের গলাতেই এবার শোনা গেল অন্য সুর। পুরনো ঘটনার জন্য প্রকাশ্যে ‘আফশোস’ করলেন তিনি। পাশাপাশি বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি সিদ্ধান্তেরও প্রশংসা করলেন।
রাজনীতির অলিন্দে ওঠাপড়া লেগেই থাকে। কিন্তু কখনও কখনও পুরনো স্মৃতি নতুন করে সামনে আসে বদলে যাওয়া সমীকরণের হাত ধরেই। সোমবার তেমনই এক ঘটনা ঘটালেন ফিরহাদ হাকিম।
তিনি স্মৃতিচারণা করে বলেন, “তখন আমাদের যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দু অধিকারী ছিলেন। ব্রিগেডে তাঁর হাত থেকেই ২১ জুলাইয়ের কর্মসূচি পরিচালিত হত। তাঁর হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছিল। সেটাও আমাদের আফশোস আছে।”
ফিরহাদের কথায়, ২১ জুলাইয়ের কর্মসূচি শহিদ তর্পণ থেকে ধীরে ধীরে ‘সেলিব্রেশনে’ পরিণত হওয়া নিয়েও তাঁদের আপত্তি ছিল। তবে সেই সময়ে প্রতিবাদ করার সাহস হয়নি বলেও স্বীকার করেন তিনি।
একই দিনে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি সিদ্ধান্তের প্রশংসা করেন ফিরহাদ। সোমবার বিধানসভায় মন্ত্রীদের উদ্দেশে শুভেন্দু নির্দেশ দেন, উল্লেখ পর্বে কোনও বিধায়ক এলাকার সমস্যা তুলে ধরলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সাত দিনের মধ্যে লিখিতভাবে উত্তর দিতে হবে। সমস্যা সমাধান সম্ভব হলে ব্যবস্থা নিতে হবে, আর সম্ভব না হলে তার কারণ জানাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সময়ও চাওয়া যাবে।
এই সিদ্ধান্তের প্রশংসা করে ফিরহাদ হাকিম বলেন, “এটা একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী। শুধু গত ১৫ বছর নয়, আমি এর আগেও বিরোধী বিধায়ক ছিলাম। কিন্তু বিধায়কদের এইভাবে সম্মান দিয়ে, তাঁরা যা বলছেন তার কী ব্যবস্থা হচ্ছে, তা জানানোর নজির বিধানসভার ইতিহাসে আগে দেখিনি।”
বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে ফিরহাদের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একসময় যাঁকে কড়া ভাষায় আক্রমণ করতেন, পালাবদলের পরে সেই শুভেন্দু অধিকারীকে নিয়েই এখন প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ হাকিম।
