আজকের দিনেভারত

Heavy Rain Kashmir: ভারী বৃষ্টিতে কাশ্মীরে ভূমিধস, মৃত ১১, অমরনাথ-বৈষ্ণদেবী যাত্রা স্থগিত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- জম্মু ও কাশ্মীরে টানা অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। রবিবার ভোর থেকে প্রবল বৃষ্টির কারণে বিশেষ করে পুঞ্চ ও রাজৌরি জেলায় একাধিক এলাকায় ভূমিধস, নদী-নালার জলস্তর বৃদ্ধি এবং আকস্মিক বন্যার ঘটনা ঘটে। জানা গেছে,  এই দুর্যোগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজে নেমেছে প্রশাসন, পুলিশ, সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বহু বাড়িঘর, সেতু ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে শ্রীনগরে ফিরে পরিস্থিতি পর্যালোচনা করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও রাজ্যের শীর্ষ প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

প্রবল বৃষ্টির সতর্কতার কারণে নিরাপত্তার স্বার্থে অমরনাথ যাত্রা এবং মাতা বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভূমিধস ও ফ্ল্যাশ ফ্লাডের ঝুঁকি বজায় থাকবে। বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *