BARUN BISWAS CASE : বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে দেখা করার পর বড় সিদ্ধান্ত CM শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- ‘খুন’ হওয়া প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দাদা ও দিদির সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (BARUN BISWAS CASE)। ১৪ বছর ধরে ঝুলে থাকা বরুণ বিশ্বাস খুন মামলায় রাজ্যের তরফে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করল রাজ্য সরকার। বিচারের আশায় ফের বুক বাঁধছে সুটিয়ার পরিবার।
সাক্ষাতের পরেই অ্যাকশন
গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বরুণের দাদা অসিত বিশ্বাস ও দিদি প্রমিলা রায়। ১৪ বছর ধরে ‘সঠিক’ তদন্ত ও বিচার না হওয়ার অভিযোগ জানান তাঁরা। সাক্ষাতের পরেই রাজ্য সরকার মামলার জন্য বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয়।
১৪ বছরের মামলা, কী হয়েছিল
২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশনের বাইরে স্কুল থেকে ফেরার পথে গুলিতে খুন হন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস। উত্তর ২৪ পরগনার সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী ছিলেন তিনি। অভিযোগ, তৃণমূল আমলে তদন্ত কার্যত থমকে ছিল। মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামও জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে (BARUN BISWAS CASE)।
আদালতে কী হচ্ছে এখন
আজ, শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে মামলার ৩৭তম ব্যক্তির সাক্ষ্যগ্রহণ হল। আদালত সূত্রে জানা গিয়েছে, মোট ৭৬ জনের সাক্ষ্য নেওয়ার কথা। এর মধ্যে ৩৬ জনের সাক্ষ্য আগেই হয়ে গিয়েছে। আগামী ৩১ আগস্ট সাক্ষ্য দেবেন বরুণের ৮৫ বছর বয়সী বাবা জগদীশচন্দ্র বিশ্বাস।৮ জন অভিযুক্তের মধ্যে সুশান্ত চৌধুরী মামলা চলাকালীন মারা গিয়েছেন। একজন নাবালক থাকায় তার সাজা আগেই জুভেনাইল কোর্টে ঘোষণা হয়েছে।
পালাবদলের পর দ্রুত বিচারের দাবিতে সরব ছিল সুটিয়া। পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর আশ্বাস এবং বিশেষ আইনজীবী নিয়োগের পর মামলা নতুন গতি পেল বলে মনে করছেন আইনজীবী ও স্থানীয়রা। ১৪ বছর পর ‘সঠিক বিচার’ হবে – এই আশাতেই এখন দিন গুনছে বরুণ বিশ্বাসের পরিবার।
