আজকের দিনেবাংলার আয়না

Train Hits School Van : স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, মুর্শিদাবাদে মৃত ৩। গেটম্যানের গাফিলতির অভিযোগ, তদন্তে রেল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মুর্শিদাবাদ :- সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে। কর্ণসুবর্ণ রেলগেটে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল একটি স্কুলগাড়ি। ঘটনায় ২ পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও কয়েকজন। লেভেল ক্রসিং খোলা থাকা অবস্থায় কীভাবে ট্রেন এল তা নিয়ে গেটম্যানের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

শুক্রবার সকাল ৭টা নাগাদ বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে ২৪এ/২ নম্বর রেলগেটে ঘটনাটি ঘটে। একটি ট্রেন পাস করার পর স্বাভাবিক নিয়মেই গেট খুলে দেওয়া হয়। অভিযোগ, গেট খোলা থাকা অবস্থাতেই দ্রুত গতিতে ধেয়ে আসে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার। সজোরে ধাক্কা মারে লাইন পার করতে থাকা স্কুলগাড়ি ও এক সাইকেল আরোহীকে।

ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে যায়। ভিতরে আটকে পড়ে অন্তত ৮ জন খুদে পড়ুয়া। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পৌঁছয় পুলিশ ও রেলের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে ২ জন পড়ুয়া। বাকিরা চিকিৎসাধীন।

স্থানীয়দের প্রশ্ন, একের পর এক ট্রেন আসার সময় গেট বন্ধ রাখার নিয়ম থাকলেও কেন খোলা ছিল? গেটম্যানের ভূমিকা নিয়ে উঠছে সন্দেহ। পাশাপাশি সিগন্যালে কোনও ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেছে রেল। হাওড়া থেকে ৪ জন সিনিয়র অফিসার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রাথমিকভাবে গেটম্যানের দায়িত্বে গাফিলতি ছিল কিনা তা-ও খতিয়ে দেখা হবে বলে রেল সূত্রে খবর।

একটি স্কুলের ছুটির সকাল রক্তে ভিজল মুর্শিদাবাদে। ২ শিশুর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। রেলের তরফে আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে সঠিক কারণ ও দায়ী কে, তা তদন্ত রিপোর্ট এলেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *