আজকের দিনেঅন্দরমহল

বর্ষার জল গাছের জন্য যেমন অমৃত, তেমনই লুকিয়ে বড় বিপদ!বিশেষ যত্নে রইল টিপস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বর্ষার মরশুমে বৃষ্টির জল পেয়ে ছাদ বা বারান্দার গাছগুলি যেন নতুন প্রাণ ফিরে পায়। চারিদিক সবুজ আর সতেজ হয়ে ওঠে। আর এই দেখেই অনেকে ভাবেন, বৃষ্টির জল যখন পাচ্ছে, তখন আর আলাদা করে যত্নের কী প্রয়োজন! কিন্তু মনে রাখবেন, এই মরশুমেই গাছেদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়। অসাবধানতার কারণে সাধের বাগান নষ্ট হয়ে যেতে পারে।

শুধু জল আর সার দেওয়াই শেষ কথা নয়, বর্ষায় গাছে পোকা লাগা এবং গোড়া পচে যাওয়ার আশঙ্কাও বহুগুণ বেড়ে যায়। তাই এই মরশুমে সবুজ বন্ধুদের সুস্থ রাখতে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন, রইল তারই কিছু দরকারি টিপস:

বর্ষায় গাছের পরিচর্যায় যে ভুলগুলি একদম করবেন না

১. টব অপরিষ্কার রাখা এবং জল জমতে দেওয়া: বর্ষায় গাছের গোড়ায় জল জমা সবচেয়ে বড় সমস্যা। টবে বা টবের চারপাশে জল জমে থাকলে গাছের শিকড় দ্রুত পচতে শুরু করে। তাই নিয়মিত টব পরিষ্কার রাখুন এবং খেয়াল রাখুন যাতে টবের ড্রেনেজ হোল (অতিরিক্ত জল বেরোনোর ফুটো) পরিষ্কার থাকে, যাতে জল সহজে বেরিয়ে যেতে পারে।

২. অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার: বৃষ্টির জলে প্রাকৃতিকভাবেই প্রচুর প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট বা পুষ্টিগুণ থাকে, যা গাছের বৃদ্ধিতে দারুণ সাহায্য করে। তাই এই মরশুমে রাসায়নিক সার দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। তবে গাছের বাড়তি পুষ্টি ও ভালো ফলনের জন্য চা পাতা, ডিমের খোসা বা সব্জির খোসার মতো ঘরোয়া জৈব সার ব্যবহার করতে পারেন।

৩. পোকামাকড়ের উপদ্রবকে অবহেলা করা: আর্দ্র আবহাওয়ার কারণে বর্ষাকালে গাছে ক্ষতিকর পোকামাকড়ের আনাগোনা বাড়ে। তাই গাছের চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না চান, তবে ঘরোয়া উপায় হিসেবে ‘নিম তেল’ স্প্রে করতে পারেন। এটি গাছকে কীটপতঙ্গের হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে।

৪. ছাঁটাই না করা ও রোদ থেকে দূরে রাখা: বর্ষা আসার আগে বা বর্ষার শুরুতে গাছের মরা ও পচা ডালপালা ছেঁটে ফেলা  অত্যন্ত জরুরি। এতে বৃষ্টির জল পেয়ে গাছ আরও সুন্দরভাবে বাড়ে এবং পোকামাকড়ের উপদ্রবও কমে। এর পাশাপাশি, বর্ষার মেঘলা আকাশের মাঝে যেদিনই একটু রোদের দেখা মিলবে, গাছগুলিকে পর্যাপ্ত আলোতে রাখুন। কারণ সালোকসংশ্লেষের জন্য গাছের রোদ পাওয়া অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *