KHARDAHA : খড়দহে ‘লেডি সিংঘমে’র কড়া অ্যাকশন! যৌনাঙ্গ প্রদর্শনের অভিযোগে যুবককে কলার ধরে থানায়
কিউ ইন্ডিয়া বাংলা, খড়দহ :- নারী হেনস্তায় ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা আরও একবার স্পষ্ট হল খড়দহে (KHARDAHA)। রাস্তায় স্কুটি চালিয়ে যাওয়ার সময় এক যুবকের কুমন্তব্য ও যৌনাঙ্গ প্রদর্শনের শিকার হন খড়দহ থানার এক মহিলা পুলিশকর্মী। সঙ্গে যুবকের কলার ধরে তাকে টেনে থানায় নিয়ে যান ওই ‘লেডি সিংঘম’। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
পুলিশ সূত্রে জানা গেছে, জিটি রোড দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা পুলিশকর্মী। পরনে ছিল সালোয়ার ও মাথায় হেলমেট। সেই সময় এক যুবক তাঁকে দেখে অশালীন মন্তব্য করে এবং যৌনাঙ্গ প্রদর্শন করে। মহিলা পুলিশকর্মী তৎক্ষণাৎ যুবককে চিহ্নিত করে তাকে ধাওয়া করেন। রাস্তা থেকেই কলার ধরে টানতে টানতে খড়দহ থানায় নিয়ে আসেন তাকে। ওই মহিলা পুলিশকর্মী জানান, “আমাকে দেখে যৌনাঙ্গ প্রদর্শন করে। কুমন্তব্য করে।”
উল্লেখ্য, নারী সুরক্ষায় রাজ্য প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, রাস্তায় মহিলাদের উত্যক্ত করলে ‘রোমিও’দের জেলযাত্রা নিশ্চিত। এর জন্য রাজ্যের ৫০০টি থানায় মহিলা হেল্পডেস্ক এবং ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন করা হয়েছে। বসিরহাট, বনগাঁ, বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে ১০টি অত্যাধুনিক বাইক এবং রিয়েল টাইম অডিও-ভিসুয়াল ট্রান্সমিশনের ব্যবস্থাও করা হয়েছে।
খড়দহ থানায় নিয়ে আসার পর ওই যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন থানায় উপস্থিত অন্যান্য মহিলারা (KHARDAHA)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
খড়দহের এই ঘটনা আবারো প্রমাণ করল, নারী হেনস্তার বিরুদ্ধে প্রশাসন কতটা কড়া অবস্থানে (KHARDAHA) । ‘লেডি সিংঘমে’র এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের বার্তা স্পষ্ট – রাস্তায় মহিলাদের সম্মানহানি বরদাস্ত করা হবে না।
