আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 2026 : ১০ জনের সুইজারল্যান্ডকে টপকে সেমিতে আর্জেন্টিনা আলভারেজ-মার্টিনেজই ত্রাতা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আবারও কঠিন লড়াই, আবারও জয়। ১০ জনের সুইজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ৩-১ গোলে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ম্যাজিক্যাল গোল করলেন জুলিয়ান আলভারেজ, আর দেওয়াল হয়ে দাঁড়ালেন এমি মার্টিনেজ। ম্যাচে অ্যাসিস্ট করে মারাদোনার রেকর্ডও ভাঙলেন লিওনেল মেসি।

রবিবার ভোরে কোয়ার্টার ফাইনালের শুরুটা স্বপ্নের মতো করে আর্জেন্টিনা। ২০ মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করেন ম্যাক অ্যালিস্টার। বিশ্বকাপে এটি মেসির ১০ নম্বর অ্যাসিস্ট। এর মাধ্যমে কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন এল এম টেন।

কিন্তু গোলের পরেই ছন্দ হারায় নীল-সাদা ব্রিগেড। পরপর ম্যাচ খেলার ক্লান্তি স্পষ্ট। সেই সুযোগে ম্যাচে ফেরে সুইজারল্যান্ড। গোটা ম্যাচে আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন গোলরক্ষক এমি মার্টিনেজ। প্রথমার্ধে ৪১ মিনিটে একের বিরুদ্ধে এক সেভ, দ্বিতীয়ার্ধেও পরপর ২-৩টি অসম্ভব সেভ করে দলকে ম্যাচে রাখেন ‘দিবু’।

৬৭ মিনিটে এনডয়ের টিম গোলে সমতা ফেরায় সুইসরা। ম্যাচের মোড় ঘোরে ৭২ মিনিটে। ডাইভের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ১০ জনে নেমেও হাল ছাড়েনি সুইজারল্যান্ড। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

যখন মনে হচ্ছিল টাইব্রেকারই ভাগ্য নির্ধারণ করবে, তখনই ম্যাজিক। ১০৫ মিনিটে বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য শটে গোল করেন জুলিয়ান আলভারেজ। এর মিনিট পাঁচেক পর লটারো মার্টিনেজের গোলে ৩-১ হয়ে যায় ম্যাচ।

নকআউটের তিনটি ম্যাচেই কেপ ভার্দে, মিশর এবং এবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে জিতেছে আর্জেন্টিনা। ভাগ্য এবং ব্যক্তিগত দক্ষতা দুই-ই সঙ্গ দিয়েছে স্কালোনির দলকে।

আলভারেজের জাদু আর মার্টিনেজের হাতেই সেমির টিকিট নিশ্চিত হল আর্জেন্টিনার। মেসির দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন এখনও জীবিত। তবে শেষ চারে প্রতিপক্ষ ইংল্যান্ড। কঠিনতম পরীক্ষা অপেক্ষা করছে মেসিদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *