Afghan Pacer : বিরল HLH রোগে ৩৮ বছরেই প্রয়াত আফগান পেসার শাপুর জাদরান, কতটা ভয়ঙ্কর এই অসুখ ?
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আর নেই আফগানিস্তানের প্রাক্তন পেসার শাপুর জাদরান। জন্মদিনের একদিন আগেই ৩৮ বছর বয়সে বিরল অসুখ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস বা HLH-তে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তিনি। তাঁর মৃত্যু আবার মনে করিয়ে দিল, এই বিরল রোগ সময়মতো ধরা না পড়লে কতটা প্রাণঘাতী হতে পারে।
আফগান ক্রিকেটের উত্থানের অন্যতম মুখ ছিলেন শাপুর। দেশের হয়ে ৪টি ODI ও ৩৬টি T20 ম্যাচ খেলে ঝুলিতে ৮০টি উইকেট। গতিময় বোলিংয়ে বহুবার দলকে জয় এনে দিয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে দিল্লির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
চিকিৎসকরা বলছেন, HLH অত্যন্ত বিরল একটি রোগ। এখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্বাভাবিকভাবে ইমিউন সিস্টেম সংক্রমণের বিরুদ্ধে লড়ে শান্ত হয়ে যায়। কিন্তু HLH-তে সেই প্রতিরোধ ব্যবস্থাই অতিরিক্ত সক্রিয় হয়ে সুস্থ কোষ ও অঙ্গকে আক্রমণ করে।
ফলে সারা শরীরে তীব্র প্রদাহ ছড়ায়। দ্রুত লিভার, প্লীহা, ফুসফুস, কিডনি, হার্ট এমনকি মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রধান লক্ষণ টানা জ্বর, রক্তের কণিকা কমে যাওয়া, লিভার-প্লীহা বড় হওয়া, জন্ডিস ও শ্বাসকষ্ট। সময়মতো চিকিৎসা না হলে কয়েক দিনের মধ্যেই মৃত্যু হতে পারে। চিকিৎসায় স্টেরয়েড, কেমোথেরাপি ও প্রয়োজনে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট লাগে।
শাপুর জাদরানের প্রয়াণ শুধু এক ক্রিকেটারের বিদায় নয়। এটি বিরল রোগ সম্পর্কে সচেতনতার ডাক। সাধারণ জ্বরের মতো লক্ষণ দিয়ে শুরু হওয়ায় HLH অনেক সময় দেরিতে ধরা পড়ে। তাই জ্বর দীর্ঘদিন থাকলে বা রিপোর্ট অস্বাভাবিক লাগলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। ক্রিকেট দুনিয়া হারাল এক লড়াকু যোদ্ধাকে।
