NEYMAR : চোখের জলে বিদায়! নরওয়ের কাছে হারতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শেষ হল একটা যুগ। বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে ব্রাজিল ছিটকে যেতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার (NEYMAR)। মাঠেই কেঁদে ফেলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। মিক্সড জোনে এসে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, “এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।”
ব্রাজিলের হারের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল নেইমারের বিশ্বকাপ স্বপ্ন। আর তার সঙ্গেই ইতি ঘটল ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের। নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর মাঠেই ভেঙে পড়েন নেইমার। সতীর্থরা এসে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। পরে মিক্সড জোনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় অবসরের কথা ঘোষণা করেন তিনি। বলেন, “আমি বার চেষ্টা করেছি। দেশের জন্য সবটা দিয়েছি। কিন্তু এ বার থামার সময় এসেছে। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।”
চোটের কারণে এই বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় ছিল। তবুও কোচ কার্লো আনচেলোত্তি ভরসা রেখেছিলেন তাঁর উপর। ধীরে ধীরে সুস্থ হয়ে দলে ফেরেন নেইমার। কিন্তু প্রথম চার ম্যাচে তাঁকে পুরো ফিট পায়নি ব্রাজিল। বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে। নরওয়ে ম্যাচেও শেষ দিকে বদলি হিসেবে নামেন তিনি। দল যখন ২-০ গোলে পিছিয়ে, তখন সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ম্যাচ বাঁচানো যায়নি।
২০১০ সালে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে পথচলা শুরু। তারপর ১২৯ ম্যাচে ৮০ গোল। ব্রাজিলের ইতিহাসে যা সর্বোচ্চ। পেলের রেকর্ডও ভেঙেছেন তিনি। দেশের হয়ে জিতেছেন ২০১৬ রিও অলিম্পিক্সের সোনা, ২০১২ লন্ডন অলিম্পিক্সের রুপো এবং ২০১৩ কনফেডারেশন্স কাপ। কিন্তু চার-চারটে বিশ্বকাপ খেলেও ট্রফিটা ছোঁয়া হল না। প্রতিবারই কোনো না কোনো ভাবে থেমে যেতে হয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না।
১৬ বছরের ক্যারিয়ারে বিশ্বকাপ নেই, কিন্তু কীর্তি আছে। স্কিল, ড্রিবল আর গোলে ভরা একটা কেরিয়ারের শেষটা হল চোখের জলে। ব্রাজিলের হেক্সা স্বপ্নের সঙ্গে শেষ হল নেইমার যুগও। তবু তিনি থেকে যাবেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হয়ে।
