দীর্ঘদিনের সৈনিক চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ! আনুগত্যে প্রশ্ন উঠতেই তৃণমূলের সব পদ ছাড়লেন
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূলের রাজ্য সভাপতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা চন্দ্রিমা ভট্টাচার্য পদ ছাড়লেন। দলের দীর্ঘদিনের সৈনিকের এই সিদ্ধান্তে নড়েচড়ে বসল রাজ্য রাজনীতি। আনুগত্যে প্রশ্ন ওঠার ‘অভিমানেই’ এই সিদ্ধান্ত বলে জানালেন তিনি।
এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমি জন্মলগ্নে ছিলাম না। দীর্ঘদিনের সৈনিক হিসাবে কাজ করার চেষ্টা করেছি। সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রয়েছে। ৩ জুন কালীঘাটের বৈঠকে রাজ্যের সভানেত্রী হিসাবে নিযুক্ত করেন।”
তিনি আরও জানান, “সেদিন থেকে ২ জুন এবং ১ জুলাই ছাড়া রোজ মেট্রোপলিটানের অফিসে গিয়েছি। আমার সহকর্মীরা স্বীকার করবেন সেকথা।”
সম্প্রতি একটি ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে কথা বলেন। সেই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, “আমার এত দুঃখ হয়েছে। আমি বললাম দিদি আপনি আমাকে এই কথা বলতে পারলেন? সেই কারণে আমি মনে করলাম আমার আনুগত্যে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আমি মনে করি এই পরিস্থিতিতে আর আমার কাজ করা উচিত নয়।”
“আমি অনেক সময় অনেকের প্রতি কঠিন হয়েছি। কিন্তু আনুগত্যে কোনও খামতি নেই। বেদনাহত মন নিয়ে আমি ছেড়ে দিলাম।” কালীঘাটে আর যাওয়ার প্রশ্নই নেই বলেও জানান তিনি।
দলের প্রতিষ্ঠালগ্ন থেকে থাকা নেত্রীর এই পদত্যাগ তৃণমূলের কাছে বড় ধাক্কা। রাজ্য সভাপতির পদ ফাঁকা হওয়ায় সাংগঠনিক স্তরে প্রভাব পড়তে পারে। চন্দ্রিমার ‘অভিমানী’ সিদ্ধান্তের পর দলের অন্দরে এখন নতুন সমীকরণের খোঁজ শুরু হয়েছে।
