Cricket : শনিবারও অভিষেক হচ্ছে না বৈভবের, ইঙ্গিত বোলিং কোচ মর্কেলের !
কিউ ইন্ডিয়া বাংলা, ম্যানচেস্টার:- আয়ারল্যান্ড সফরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেও সুযোগ পাননি বৈভব সূর্যবংশী। শনিবার দ্বিতীয় ম্যাচেও ১৫ বছরের এই বিস্ময় বালকের অভিষেকের সম্ভাবনা নেই। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের ইঙ্গিত, বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন থাকায় আপাতত দরজা বন্ধ বৈভবের।
সঞ্জু স্যামসন টানা ব্যর্থ হলেও কেন বৈভবকে সুযোগ দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের অবস্থানে অনড়। বৈভবকে নিয়ে প্রশ্ন করা হলে মর্কেল বলেন, “ওকে না খেলানোর খুব বেশি কারণ নেই। তবে আমাদের দলে অভিষেক শর্মা রয়েছে, যে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। সঞ্জু বিশ্বকাপের সেরা ক্রিকেটার ছিল। আইপিএলেও ভাল খেলেছে। কোচিং স্টাফ হিসাবে ক্রিকেটারদের পাশে দাঁড়ানোই কাজ। একজন তরুণ দরজা ধাক্কাচ্ছে ঠিকই, কিন্তু দুই ওপেনারের জন্য ওকে সুযোগ দেওয়া হচ্ছে না এমনটা নয়। দলে এখন কাউকে বসানোর জায়গা নেই।”
মর্কেল স্পষ্ট করে দিয়েছেন, বৈভবকে দলে নেওয়া হলেও খেলানো সহজ নয়। তাঁর কথায়, “দিনের শেষে পারফরম্যান্সই শেষ কথা। আমরা চাই না কোনও ক্রিকেটার অন্য পজিশনে খেলুক। চলো খেলিয়ে দিই, ব্যাপারটা মোটেই এমন নয়। যারা বিশ্বকাপ জিতেছে, কঠিন পরিস্থিতিতে ভাল খেলেছে, তাদের পাশে থাকা খুব দরকার।”
সুযোগ না পেলেও বৈভবের প্রস্তুতিতে খামতি নেই। মর্কেল জানিয়েছেন, অনুশীলনে বৈভবকে দেখে বাকি ক্রিকেটাররাও মুগ্ধ। “দারুণ ভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সমাজমাধ্যমে দেখবেন বৈভবের অনেক ছবি। বাকিরা ওকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছে তা খুবই ভাল ব্যাপার। ১৫ বছরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ নয়। দুটো সেশনে ওকে দেখে খুবই ভাল লেগেছে। দেখা যাক কবে সুযোগ দেওয়া যায়।”
মর্কেলের কথায় স্পষ্ট, ইংল্যান্ড সিরিজে বৈভবের অভিষেক নিয়ে অনিশ্চয়তা থাকছেই। বিশ্বকাপজয়ী টপ অর্ডারের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। অভিষেক-সঞ্জু জুটিই আপাতত প্রথম পছন্দ। তবে নেটে বৈভবের ব্যাটিং দেখে কোচ-সতীর্থরা যে মুগ্ধ, তা গোপন করেননি মর্কেল। এখন দেখার, তরুণ এই প্রতিভা কবে নীল জার্সিতে মাঠে নামার সুযোগ পায়।
