১৫-তে অভিষেকেই ইতিহাসের দোরগোড়ায় বৈভব, সচিন-রাহানের ৫ রেকর্ড ভাঙার হাতছানি
কিউ ইন্ডিয়া বাংলা, ডাবলিন:- আজ শুক্রবার ডাবলিনে ভারত বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচেই ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে মাত্র ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর। আর মাঠে নামলেই একসঙ্গে ৫টি বড় রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ থাকছে তার সামনে। নজরে সচিন তেন্ডুলকরের ৩৭ বছরের পুরনো কীর্তিও।
প্রথম রেকর্ড: সচিনকে টপকে সর্বকনিষ্ঠ
১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। ৩৭ বছর ধরে এটাই ভারতের জার্সিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড। আজ যদি ১৫ বছরের বৈভব মাঠে নামেন, তবে ক্রিকেটের ভগবানের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হবেন তিনি।
দ্বিতীয় রেকর্ড: অভিষেকে ছক্কার কীর্তি
টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড ইশান কিষাণের। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজ ৫টি ছয় মারলেই ইশানকে টপকে যাবেন বৈভব।
তৃতীয় রেকর্ড: রাহানের রান টপকানো
২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকে ৩৯ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন অজিঙ্কা রাহানে। অভিষেক ম্যাচে এটাই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এই রেকর্ড ভাঙতে আজ বৈভবকে করতে হবে ৬২ রান।
চতুর্থ রেকর্ড: আয়ারল্যান্ডে প্রথম রান
আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ভারতের চার ক্রিকেটারের— সিদ্ধার্থ কৌল, উমরান মালিক, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রিঙ্কু সিং। কিন্তু কেউই খাতা খুলতে পারেননি। আজ ১ রান করলেই আয়ারল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচে রান করা প্রথম ভারতীয় হবেন বৈভব।
পঞ্চম রেকর্ড: ওপেনার রোহিতকে ছাপিয়ে যাওয়া
আয়ারল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রোহিত শর্মার— ৯৭। বৈভব ওপেন করতে নেমে ৯৮ রান করলেই রোহিতকে টপকে নতুন নজির গড়বেন।
আইপিএল-এ নজর কাড়ার পর এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখার অপেক্ষায় বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সে ভারতের জার্সি গায়ে চাপানোর হাতছানি তো আছেই, সঙ্গে পাঁচ-পাঁচটি রেকর্ড ভাঙার সুযোগ। সচিনের রেকর্ড থেকে রোহিত-রাহানের কীর্তি— সবকিছুই আজ ধুলোয় মিশে যেতে পারে এই কিশোরের ব্যাটে। এখন দেখার, ডাবলিনের বাইশ গজে ‘ম্যাজিক’ দেখাতে পারেন কিনা ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন।
