বিশ্বকাপে বড় অঘটন: এগিয়ে থেকেও ইকুয়েডরের কাছে হার জার্মানির
কিউ ইন্ডিয়া বাংলা, নিউ জার্সি:- এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক দিল ইকুয়েডর। বৃহস্পতিবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিল তারা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করায় হারলেও রক্ষা পেয়েছে জার্মানি। অন্য ম্যাচে কুরাসাওকে ২-০ হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট।
ম্যাচের ২ মিনিটেই বিতর্কিত গোলে এগিয়ে যায় জার্মানি। রাউমের থ্রো থেকে পাভলোভিচ পা তুলে বল রিসিভ করেন। ইকুয়েডরের ফুটবলারের মাথায় তাঁর পা লাগলেও রেফারি ফাউল দেননি। পাভলোভিচের পাস থেকে জোরালো শটে গোল করেন লেরয় সানে। ভার-ও গোল বহাল রাখে।
কিন্তু এই গোলই জেদ বাড়িয়ে দেয় ইকুয়েডরের। আক্রমণের ঝড় তুলে ১০ মিনিটের মধ্যেই দূরপাল্লার শটে সমতা ফেরান নিলসন আঙ্গুলো। এরপর গোটা ম্যাচে দাপট দেখায় ইকুয়েডর। গতি আর জোনাল মার্কিংয়ে সানে, উইর্ৎজ়, হাভার্ৎজ়দের আটকে দেয় তারা। জার্মানি সাত-আট জন মিলে রক্ষণ করতে বাধ্য হয়।
দ্বিতীয়ার্ধে কর্নার থেকে ভেসে আসা বলে নুয়েরকে পরাস্ত করে জয়সূচক গোল করেন গনজ়ালো প্লাতা। মাঝে হাভার্ৎজ়কে ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি টোরি পেন্সো। কিন্তু ভার-এ দেখা যায় তার আগেই সানে ফাউল করেছেন পেদ্রো ভিতেকে। বাতিল হয় পেনাল্টি।
নিউ জার্সিতে ইকুয়েডরের বহু সমর্থক থাকায় গ্যালারি ছিল হলুদময়। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে ইকুয়েডর শিবির। কোচ সেবাস্তিয়ান বেকাসিসি লাফিয়ে গ্যালারিতে উঠে পরিবারকে জড়িয়ে ধরেন।
১২ বছর পর নকআউটে উঠেও ছোট দলের কাছে হারের বৃত্ত ভাঙতে পারল না জার্মানি। ২০১৮-য় দক্ষিণ কোরিয়া, ২০২২-এ জাপানের পর এবার ইকুয়েডরের কাছে হার। অন্যদিকে সাহসী ফুটবল আর দাপট দেখিয়ে বিশ্বকে চমকে দিল ইকুয়েডর। গতি, রণনীতি আর জেদে ভর করে জার্মানদের মতো হেভিওয়েটকে হারাল তারা।
