লন্ডনের আদালতে ধাক্কা ঋণ খেলাপি নীরব মোদীর! এবার কী ১০০ কোটি টাকা আদায় করতে পারবে ভারতীয় ব্যাঙ্ক?
কিউ ইন্ডিয়া বাংলা- আরও বড় আইনি জটিলতায় পলাতক ঋণখেলাপি নীরব মোদী। এবার লন্ডনের আদালতে বড়সড় ধাক্কা খেলেন তিনি। আদালতের নির্দেশ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে নেওয়া মোটা অঙ্কের টাকা ঋণ সুদসমেত ফের দিতে হবে তাঁকে। এবার আইনি পথে নীরব মোদির কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা আদায় করতে পারবে ভারতীয় ব্যাঙ্ক। পিএনবি (পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক) কোটি কোটি টাকা হাতিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান নীরব মোদি। সেই থেকেই লন্ডনে আস্তানা তার। এখনও দেশ ছেড়ে ফেরানো সম্ভব হয়নি। এর মধ্যেই অন্য এক মামলায় বড় ধাক্কা খেলেন তিনি।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার শোধ করতে হবে নীরব মোদিকে। ঘটনার সূত্রপাত ২০১২ সালে। দুবাইয়ের এক সংস্থাকে ঋণ দিয়েছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরের বছরে, অর্থাৎ ২০১৩ সালের ৩ অগাস্ট সেই ঋণের জন্য ব্যক্তিগত গ্যারান্টার হন নীরব মোদি। পাঁচ বছর পর থেকেই গন্ডোগোলের সূত্রপাত। ২০১৮-য় পিএনবি জালিয়াতি-কাণ্ড প্রকাশ্যে আসতেই ঋণের টাকা ফেরত চেয়ে দুবাইয়ের ওই সংস্থা এবং নীরব মোদীকে একযোগে নোটিস পাঠায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আদালতের সুত্র অনুযায়ী, সেই নোটিসের কোনও জবাব দেননি তিনি। তার পর থেকেই নীরব মোদীর সঙ্গে আইনি লড়াই শুরু হয়।
মঙ্গলবার লন্ডনের সার্কিট কমার্শিয়াল কোর্টের বিচারপতি সাইমন টিঙ্কলার জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত গ্যারান্টি অনুযায়ী নীরব মোদীকে ৪.১ মিলিয়ন ডলার মূল ঋণ শোধ করতে হবে। তার সঙ্গে সুদও যোগ হবে। সব মিলিয়ে টাকার অঙ্কটা এখন প্রায় ১০.৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১০০ কোটির বেশি। সেটা শোধ করতে হবে। যেহেতু এই রায় লন্ডনের আদালতের এবং নীরব এখন লন্ডনেই, তাই কোনওভাবেই এই ঋণ মেটানো সম্ভব নয়।
