Lucknow coaching centre: লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, প্রাণ বাঁচাতে দোতলার জালনা ভেঙে লাফ পড়ুয়াদের, মৃত্যুর আশঙ্কা
কিউ ইন্ডিয়া বাংলা: লখনউয়ের এক কোচিং সেন্টারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সোমবার দুপুরে বিল্ডিংয়ের আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ওই কোচিং সেন্টারে একাধিক পড়ুয়ারা ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে প্রাণ বাঁচাতে কোচিং সেন্টারের দোতলা থেকে জালনা ভেঙে নীচে ঝাঁপ দেন। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। কী ভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, উত্তর-পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকায় অবস্থিত ওই কোচিং সেন্টার। কোচিং সেন্টারটি বিল্ডিংয়ের দোতলায়। নীচে পোষ্য জীবজন্তুর দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পড়ুয়ারা দোতলা লাফিয়ে পড়তে থাকে। বেশ কয়েকটি ভিডিয়োতে লাফ দিয়ে পড়ার ভিডিয়ো ধরা পড়েছে। এক ভিডিয়োয় দেখা গেছে, এক পড়ুয়া দোতলার ভাঙা জালনা দিয়ে বেরিয়ে আসছে। তার পরে কার্নিশে পা দেন। সেখান থেকে ঝুলে থাকার চেষ্টা করেন।
টাল সামলাতে না পেরে নীচে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। চারপাশ কালো ধোঁয়ায় ভরে গেছে। ঘটনাস্থল থেকে মানুষদের দ্রুত সরাতে শুরু করে পুলিশ। দমকলকর্মীরা প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের হিমশিম খেতে হয়। একে একে পড়ুয়াদের বের করে আনেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে রাজ্য এবং জাতীয় উদ্ধারকারী দল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন, ‘‘আমি নিজের চোখে ১২-১৩ জনের দেহ দেখেছি। সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা পরে জানানো হবে। ভিতরে পুরো ধোঁয়ায় ভরে গিয়েছে।’’
