জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, অভিনন্দন অভিষেকেরও
কিউ ইন্ডিয়া বাংলা- আজ ১৯ জুন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন। রাহুলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “লোকসভায় বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও রাহুল গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা গান্ধীজি। আপনার সুস্বাস্থ্য, খুশি এবং প্রতিটি প্রচেষ্টায় ধারাবাহিক সাফল্য কামনা করি। এভাবেই উজ্জ্বল উপস্থিতি বজায় রাখুন।”
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ছেলের রাহুল গান্ধীর জন্ম হয় ১৯৭০ সালে। ৫৬ বছর বয়সে পা রাখলেন রাহুল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন গোটা দেশের কংগ্রেস নেতা ও সমর্থকেরা। সর্বভারতীয় এবং আঞ্চলিক দলের নেতারাও শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন রাহুলকে। যদিও পশ্চিমবঙ্গে নির্বাচনে হার ও ভোটপরবর্তী রাজনৈতিক ডামাডোলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
