বৈভবের ব্যর্থতা ঢাকল দলগত দাপট, আফগানদের ১০১ রানে উড়িয়ে শীর্ষে ভারত ‘এ’
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বৈভব সূর্যবংশী আবারও ব্যর্থ। তবুও আটকাল না ভারত ‘এ’ দলের জয়রথ। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ‘এ’ দলকে ১০১ রানে হারিয়ে সিরিজের শীর্ষে উঠে এল তিলক বর্মার দল। ব্যাটে-বলে দাপট দেখাল গোটা দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩১৯ রান তোলে ভারত ‘এ’। টপ অর্ডারের তিন ব্যাটারই হাফসেঞ্চুরি করেন। প্রিয়াংশ আর্য ৫৮, অধিনায়ক তিলক বর্মা ৫৯ এবং কুমার কুশাগ্র ৫৮ রানের ইনিংস খেলেন।
তবে নজর ছিল বিতর্কে জড়ানো বৈভবের দিকে। আগের ম্যাচে মারামারির পর এবার ব্যাটে জবাব দেওয়ার কথা ছিল ১৫ বছরের তারকার। ৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৩৮ রান করে শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ফের লম্বা ইনিংস দিতে ব্যর্থ। শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁর ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা যেতে পারে বলেও শোনা যাচ্ছে।
জবাবে আফগানদের ইনিংস গুটিয়ে যায় ২১৮ রানে। বাহির শাহ সর্বোচ্চ ৫৭ রান করলেও ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি কেউ। তরুণ পেসার নিশান্ত সান্ধু ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা। ২টি উইকেট নেন যশ ঠাকুর। অংশুল কাম্বোজ, বিপরাজ নিগম, সূর্যাংশ শেডগে ও অনুকূল রায় পান ১টি করে উইকেট।
বৈভবকে নিয়ে চিন্তা থাকলেও দলগত পারফরম্যান্সে ভরসা দিচ্ছে ভারত ‘এ’। ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচের ২টিতে জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে তিলক বাহিনী। ব্যাটিংয়ে গভীরতা আর বোলিংয়ে বৈচিত্র্য, দুইয়ের মিশেলেই ১০১ রানের বড় জয় তুলে নিল ভারত।
