আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 2026-Messi : বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আলজিরিয়াকে ৩-০ ওড়াল আর্জেন্তিনা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কানসাস সিটি :- অবশেষে আক্ষেপ মিটল লিওনেল মেসির। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলের সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্তিনার মহাতারকা। বুধবার ভারতীয় সময় ভোরে কানসাস সিটিতে আলজিরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বিশ্বচ্যাম্পিয়নরা। দুশোতম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি।

২০১৪ সালে জার্মানিকে বেগ দেওয়া আলজিরিয়াকে নিয়ে সতর্ক ছিল আর্জেন্তিনা শিবির। জ়িনেদিন জ়িদানের ছেলে লুকা জ়িদান ভাঙা চোয়াল নিয়েও নামেন। সঙ্গে ছিলেন ‘মাজ়াদোনা’ ইব্রাহিম মাজ়া। যোগ্যতা পর্বে ৮ ম্যাচ জিতে আসা আলজিরিয়া শুরুতেই চমক দেয়। ৫ মিনিটে মেসির গোল অফসাইডে বাতিল হয়। পাল্টা মাজ়ার গোলও বাতিল হয় একই কারণে।

অপেক্ষা দীর্ঘ হয়নি। ১৭ মিনিটে রদ্রিগো দি পলের ফ্রি-কিক থেকে বল ধরে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে লুকা জ়িদানকে পরাস্ত করেন মেসি। প্রথমার্ধ শেষ ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধে স্কালোনি নামান মোলিনা, আলভারেজ়, নিকো গঞ্জালেসকে। তারপরই ঝড়। ৬০ মিনিটে ম্যাক অ্যালিস্টারের শট জ়িদান ফেরালে ফিরতি বলে গোল করেন মেসি। ৭৬ মিনিটে বাঁ পায়ের ম্যাজিকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। একটি শট অবশ্য দুরন্ত সেভ করেন লুকা জ়িদান।

এই ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপে ক্লোজের ১৬ গোলের রেকর্ড ছুঁলেন, টপকালেন রোনাল্ডো ১৫ ও গার্ড মুলার ১৪-কে। আর্জেন্তিনার জার্সিতে কনিষ্ঠতম ও প্রবীণতম হিসাবে গোলের নজিরও গড়লেন। প্রথম ফুটবলার হিসাবে খেললেন ছয়টি বিশ্বকাপে। রোনাল্ডোর পর দ্বিতীয় ফুটবলার হিসাবে পাঁচটি বিশ্বকাপে গোল করলেন।

কোপা আমেরিকা, ফাইনালিসিমা, বিশ্বকাপ—সব ট্রফিই ছিল মেসির মুকুটে। বাকি ছিল শুধু বিশ্বকাপে হ্যাটট্রিক। বুধবার সেই আক্ষেপও মিটিয়ে নিলেন এলএম টেন। রেকর্ডের পাশে নাম লিখিয়ে, ২০০তম ম্যাচে তিন গোল করে বুঝিয়ে দিলেন—বয়স শুধু সংখ্যা। মেসি-ম্যাজিকে উড়ন্ত সূচনা করল আর্জেন্তিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *