Weather : উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে গরমের দাপট, উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ক্যালেন্ডারে বর্ষাকাল শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গের মানুষ যেন এখনও গ্রীষ্মের তীব্র গরমের মধ্যেই দিন কাটাচ্ছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রখর রোদ আর অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। আর্দ্রতার কারণে ঘাম ঝরছে সকলেরই, ফলে বাইরে বেরোনো থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মও হয়ে উঠছে কষ্টকর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা গরম থেকে খুব একটা স্বস্তি দিতে পারবে না। উত্তর ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গের বর্ষা তার পূর্ণ শক্তি নিয়ে হাজির হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে নদীর জলস্তর বৃদ্ধি এবং ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়াবিদদের মতে, বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলের উপর একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে।এর ফলেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে, আর দক্ষিণবঙ্গে ভরপুর গরম।
আজ বুধবার উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা থাকলেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই মনে করা হচ্ছে।
