Tamanna Case : মেয়ের বিচার পাবেন, সেই আশাতেই শুভেন্দু সরকারের উপর ভরসা তমন্নার মায়ের !
কিউ ইন্ডিয়া বাংলা, নদীয়া :- নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০২৫ সালের ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণার দিন এক সন্তানের মৃত্যু হয়,সেই সন্তান যদি মাত্র ৯ বছরের একটি শিশু হয়, তাহলে সেই শোকের গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন। নদিয়ার কালীগঞ্জের ছোট্ট মেয়ে তমন্নার মৃত্যুর এক বছর পরেও বিচার পাওয়ার আশাতেই দিন কাটাচ্ছে তার পরিবার, তবে এবার সেই আশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজ্যের নতুন সরকার শুভেন্দু অধিকারী।
শনিবার কৃষ্ণনগর পুলিশ জেলার নতুন পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তমন্নার মা সাবিনা ইয়াসমিন। বৈঠক শেষে তিনি স্পষ্ট ভাষায় জানান, আগের সরকারের আমলে তাঁর মেয়ের মৃত্যুর সঠিক বিচার পাওয়া নিয়ে তিনি আশাবাদী ছিলেন না,কিন্তু বর্তমান সরকারের প্রতি তাঁর আস্থা রয়েছে। তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসন শেষ পর্যন্ত প্রকৃত দোষীদের শাস্তির মুখোমুখি করবে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২৩ জুন,সেদিন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের তরফে একটি মিছিল বের হয়েছিল বলে অভিযোগ। তমন্নার পরিবারের দাবি, সেই মিছিল থেকেই তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণে গুরুতর আহত হয় ৯ বছরের তমন্না এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার পর সাবিনা ইয়াসমিন থানায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।তদন্তে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পুলিশ চার্জশিট জমা দেয়। চার্জশিটে মূল অভিযুক্ত দয়াল শেখ-সহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছিল। কিন্তু তমন্নার পরিবারের অভিযোগ, মামলায় অভিযুক্ত আরও অনেকেই এখনও আইনের আওতার বাইরে রয়েছে। সেই কারণেই তাঁরা চান, অভিযোগে নাম থাকা ২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
সাবিনা ইয়াসমিনের কথায়, “তাঁর মেয়ের আত্মার শান্তির জন্য সব অভিযুক্তের শাস্তি প্রয়োজন। তিনি মনে করেন, সরকার পরিবর্তনের পর তদন্তের কাজে গতি এসেছে এবং প্রশাসনের তরফে সহযোগিতাও মিলছে। তাই নতুন সরকারের উপর তাঁর দৃঢ় বিশ্বাস রয়েছে”।
কৃষ্ণনগর কালীগঞ্জের নবনিযুক্ত এসপি আইপিএস অতুল ভি-র সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তমন্নার মা। আগামী সপ্তাহে জেলার ডিআইজির সঙ্গেও দেখা করে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলবেন তিনি। পরিবারের একটাই দাবি— দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তমন্নার মৃত্যুর প্রকৃত বিচার নিশ্চিত করা হোক।
