Abhishek : টানা ৩ দিন এজেন্সির মুখোমুখি অভিষেক, সই জাল থেকে নিয়োগ মামলা — চাপ বাড়ছে তৃণমূলের !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ভোটে হারের পরেই ব্যাক টু ব্যাক তিনদিন তদন্তকারী সংস্থার তলবের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সই জাল মামলায় CID, সোমবার নিয়োগ দুর্নীতিতে ED, মঙ্গলবার উস্কানি মামলায় ফের CID — পরপর হাজিরার নোটিসে বাড়ছে চাপ। একই মামলায় রবিবারই CID-র তলব পেয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও।
সই জালিয়াতি মামলায় রবিবার বেলা বারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে CID। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ED। আবার মঙ্গলবার ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় অভিষেককে তলব করেছে CID। অর্থাৎ টানা তিনদিন তিনটি পৃথক মামলায় এজেন্সির মুখোমুখি হতে হবে তাঁকে।
এর আগে বৃহস্পতিবার সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে যান অভিষেক। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CID অফিসাররা। তৃণমূল সাংসদ জানিয়েছেন, “আগামী ১৪ তারিখ হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আমি ১৪ তারিখ কলকাতায় আছি, হাজির হব। আমি কোনও দিন তদন্ত এড়িয়ে যাইনি।”
অন্যদিকে সই জালিয়াতিকাণ্ডে রবিবার দুপুর তিনটেয় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে CID। কুণাল ঘোষ বলেছেন, “টার্গেট করে গোটা বিষয়টা চলছে। আমি তদন্তে সহযোগিতা করি, আগামিকালও করব।” একই মামলায় CID নোটিস পাঠিয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও।
ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে শুক্রবার অভিষেকের বাড়িতে নোটিস দেয় CID। পাশাপাশি শিলিগুড়িতেও তাঁর বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয়েছে।
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “একটা তদন্ত চলছে। অভিষেক কি আইনের ঊর্ধ্বে?” পাল্টা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য, “পাপ তো কাউকে ছেড়ে যায় না।”
ভোটে বিপর্যয়ের পর দলের অন্দরে বিদ্রোহের গর্জনের মধ্যেই তিনটি পৃথক মামলায় টানা তিনদিন কেন্দ্রীয় ও রাজ্য এজেন্সির তলবে আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল, নিয়োগ দুর্নীতি ও উস্কানিমূলক মন্তব্য — তিন ফ্রন্টে জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই আবহে CID-র নজরে কুণাল ঘোষ, মদন মিত্রের মতো শীর্ষ নেতারাও।
