Weather : মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, জারি সর্তকতা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি সোলাপুর, হায়দ্রাবাদ, কলিঙ্গপওনম, পারাদ্বীপ, পুরুলিয়া, ধানবাদ, মুজাফফরপুর- এর মধ্যে দিয়ে ২৮.৩ উত্তর/৮৩ ডিগ্রী মৌসুমী অক্ষরেখার অবস্থান সক্রিয় হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা মধ্য পাকিস্তান ও পশ্চিম রাজস্থানের ওপর অবস্থান করছে, সেখান থেকে শুরু করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থানের ফলে অনেক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় প্রসারিত এই ঘূর্ণাবর্ত।
উত্তরবঙ্গের পরিস্থিতিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পাশাপাশি অস্বস্তিকর গরম থাকার সম্ভাবনা আছে।মালদা বাদে প্রায় সমস্ত জেলাতেই মৌসুমি বায়ুর প্রভাব স্পষ্টভাবে থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌসুমি বায়ু ধীরে ধীরে আরও এগিয়ে চলেছে,উত্তরবঙ্গ পেরিয়ে বিহারের কিছু অংশে প্রবেশ করেছে বর্ষার বাতাস। আবহাওয়া দফতরের অনুমান, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বাকি অংশেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়বে। ফলে আগামী দিনে রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
